২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষাঙ্গণে সন্ত্রাসের রাজনীতি বন্ধে এগিয়ে আসুন: ড. কামাল ও বি. চৌধুরী

জাতীয় ঐক্যমঞ্চ ও বিকল্প ধারা যুগপদভাবে আগামী ৮ জুন দেশব্যাপি সন্ত্রাস ও অস্ত্রমুক্ত শিক্ষাঙ্গণ দিবস পালন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 02:50 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জাতীয় ঐক্যমঞ্চের নেতা আব্দুর রউফ।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ঐক্যমঞ্চের সভাপতি ড. কামাল হোসেন এবং বিকল্প ধারার সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী। এ ছাড়াও গণফোরামের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মানিক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শিক্ষাঙ্গণ ও ছাত্রাবাস থেকে অছাত্র ও সশস্ত্র ক্যাডারদের বের করে দিতে সংসদে সর্বসম্মত প্রস্তাব গ্রহণের আহ্বান জানানো হয়।

ড. কামাল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করে বলেন, সরকার সংবিধানের ‘ক, খ, গ, ঘ’ কিছুই মানে না। অগণতান্ত্রিক ও অসাংবিধানিকভাবে তারা হিংসাত্মক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। তারা আইনকে দলের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ক্যাডার ও পুলিশের হামলাকে অসাংবিধানিক বলে উল্লেখ করে বলেন, এতে দেশে ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে। এজন্য সরকার দায়ী। সংশ্লিষ্ট মন্ত্রীর ‘একবার নয়, ৫০ বার পদত্যাগ করা উচিত ছিল।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বলেন, দেশের সংবিধানে রাষ্ট্রপতির পদ একটি সাংবিধানিক পদ মাত্র। সেখানে রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই। তারপরও রাষ্ট্রপতি থাকা অবস্থায় নিজের অবস্থান থেকে শিক্ষাঙ্গণে সন্ত্রাস ও হত্যার রুগ্ন রাজনীতির বিরুদ্ধে কথা বলেছি।

ড. কামাল ও বি. চৌধুরী শিক্ষাঙ্গণে সন্ত্রাস ও অস্ত্রের রুগ্ন রাজনীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, এ আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষ এক সময় যোগ দেবে, শুধু হাতেগোনা ওই সব সন্ত্রাসী ছাড়া। এ আন্দোলনের মাধ্যমে রুগ্ন রাজনীতির অবসান করতে হবে।