জামালপুরে হাইব্রিড জাতের জামরুলের ব্যাপক ফলন
জামালপুরে এবার হাইব্রিড জাতের জামরুলের ব্যাপক ফলন হয়েছে। জেলার প্রতিটি বাগানে হাইব্রিড জাতের এই জামরুল থোকায় থোকায় ঝুলে রয়েছে। যারা বাণিজ্যিকভাবে চাষ করেছেন তারা এবার এ থেকে আর্থিকভাবে লাভবান হবেন আশা করছেন।
গ্রীষ্মকালীন ফল জামরুলের সাথে আমরা কম-বেশি সবাই পরিচিত। ফলটি বেশ রসালো এবং হালকা মিষ্টি। এটা ভিটামিন বি-২ সমৃদ্ধ ফল। জামরুলের পুষ্টিমান আমিষ ০.৭ গ্রাম, শ্বেতসার ৮.৫ গ্রাম, চর্বি ০.২, খণিজ লবণ ০.৩ গ্রাম, ভিটামিন বি-২০.০৫, ভিটামিন সি ১০ গ্রাম, লৌহ ০.৫ গ্রাম।
জামরুলের ২টি হাইব্রিড জাত রয়েছে। হাইব্রিড জাতগুলো হলো আপেলের মতো আকার এবং লালচে বর্ণের ও নাশপাতির মতো লম্বাটে আকার এবং সাদা বর্ণের। এ জাতের পাকা ফল দেখতে আকর্ষণীয় এবং খেতে সুস্বাদু। এ জাতের জামরুল আশবিহীন ও মোটামুটি ধরনের রসালো।
জামরুলের ফুল আসে মাঘ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে থেকে মধ্য চৈত্র মাস পর্যন্ত (ফেব্রুয়ারি-মার্চ) এবং ফল আহরণের সময় মধ্য চৈত্র থেকে মধ্য জ্যৈষ্ঠ। ফলের ত্বক মসৃণ। এ ফলের বীজ খুব ছোট ও হালকা। বয়স্ক গাছে ডেরো পিঁপড়া বাসা বেধে ফুল ও ফলের ক্ষতি করে।
জামরুলের এ জাতটি সারাদেশে চাষের জন্য উপযোগী। গুটি কলমের মাধ্যমে বংশ বিস্তার করা যায়। চারা লাগানোর দুই বছর পর হতে ফল ধরতে শুরু করে। দেখতে আকর্ষণীয় বলে টবেও এ গাছ লাগানো হয়। চারা তৈরির সময় হচ্ছে মধ্য জ্যৈষ্ঠ থেকে মধ্য আষাঢ়। চারা রোপনের সময় মাটি এক ফুট বাই এক ফুট গর্ত করে তা তিন সপ্তাহ উন্মুক্ত রাখতে হয়। তারপর এক ঝুড়ি পঁচা গোবর, ৫‘শ গ্রাম টিএসপি এবং ৫‘শ গ্রাম এমপির মিশ্রণ প্রতি গর্তে প্রয়োগ করতে হবে এবং চারা লাগাতে হবে। সাধারণত বাড়ির আঙ্গিনায় দু‘একটি জামরুলের চারা লাগানো যায়। চারা ৫/৭ মিটার দূরে লাগাতে হবে। বয়স বাড়ার সাথে সাথে প্রতিটি গাছের জন্য কি পরিমাণ সারের প্রয়োজন হয়, তা নিম্নে উল্লেখ করা হলো।
গাছের বয়স গোবর/কম্পোষ্ট (কেজি) ইউরিয়া(গ্রাম) টিএসপি (গ্রাম) এমপি (গ্রাম)
১-৩ ১৫-২০ ২০০-২৫০ ২০০-২৫০ ২০০-২৫০
৪-৭ ৪৫-৬০ ৬০০-৭৫০ ৬০০-৭৫০ ৬০০-৭৫০
৭-১০ ৭০-৮০ ৮০০-১০০০ ৮০০-১০০০ ৮০০-১০০০
সার দুই ভাগ করে মধ্য বৈশাখ থেকে মধ্য আষাঢ় (মে থেকে জুন) ও মধ্য ভাদ্র থেকে মধ্য কার্তিক (সেপ্টেম্বর-অক্টোবর) মাসে দু‘বার প্রয়োগ করতে হবে। গাছের চরদিকে বৃত্তাকার নালা করে নালায় সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের পর নালা মাটি দিয়ে ভরাট করতে হবে। বছরে দু‘বার গাছের গোড়ার মাটি হালকাভাবে কুপিয়ে দিতে হবে। কলমের গাছের নিচের দিকের কিছু শাখা-প্রশাখা কেটে দিতে হবে। খরা মৌসুমে দুই তিনবার সেচ দেওয়া ভালো। জ্যৈষ্ঠ মাস থেকে শ্রাবণ মাস পর্যন্ত কয়েক বার ফল সংগ্রহ করা যায়। গাছ প্রতি ফলন ২০ থেকে ২৫ কেজি হয়।
