২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জে অনিয়মের অভিযোগে স্কুল ভবন নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী

জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের দক্ষিণ মুছাপুর গ্রামে একটি বিদ্যালয়ের ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2005, 12:27 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

জানা যায়, দক্ষিণ মুছাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সোলায়মানিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য সরকারিভাবে প্রায় ৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। উপজেলার চরফকিরা ইউনিয়ন বিএনপি‘র সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন কোম্পানী ওই ভবন নির্মাণ কাজের টেন্ডার পান। শুরু থেকে তিনি নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের কাজ করে আসছেন বলে এলাকাবাসী অভিযোগ করে এবং প্রতিবাদও করে।

বৃহস্পতিবার ভবনের ছাদ ঢালাইয়ের সময় তদারকি কাজে নিয়োজিত স্থানীয় প্রকৌশল অফিসের কর্মকর্তা মোসলেম উদ্দিনের উপস্থিতিতে ঢালাই কাজে ব্যাপক অনিয়ম দেখে এলাকার লোকজন ক্ষুব্ধ হয় এবং সন্ধ্যার মধ্যে তারা কাজ বন্ধ করে দেয়।

এ নিয়ে ঠিকাদারদের পক্ষ থেকে গ্রামবাসীকে হুমকি দেয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে বিএনপি নেতা সাহাব উদ্দিন অনিয়ম ও হুমকির কথা অস্বীকার করে বিডিনিউজকে বলেন, স্থানীয় লোকজনের সাথে নির্মাণ শ্রমিকদের বাকবিতন্ডা হয়েছে।

অপরদিকে, তদারকি কাজে নিয়োজিত কর্মকর্তাকে বার বার খুজেঁও পাওয়া যায়নি।

উপজেলা প্রকৌশলী আমিনুর রসুল এ ব্যাপারে বিডিনিউজকে জানান, তিনি কয়েকদিনের ছুটিতে রয়েছেন। তবে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।