চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত গ্রেনেড ও রকেট লাঞ্চার নিস্ক্রিয়
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা কম্পাউণ্ড থেকে উদ্ধারকৃত রকেট লাঞ্চার, পাইপবোমা ও গ্রেনেডগুলো নিস্ক্রিয় করা হয়েছে।
সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টার দিকে শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের পদ্মা নদীর কাছে রকেট লাঞ্চার ও গ্রেনেডগুলো নিস্ক্রিয় করে।
ক্যাপ্টেন ইসমাইলের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিস্ফোরক বিশেষজ্ঞদল এ অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রেনেড বিস্ফোরণের সময় বিকট শব্দে এলাকা প্রকম্পিত হয়ে উঠে এবং বড় বড় ধোঁয়ার কুণ্ডলির সৃষ্টি হয়।
শিবগঞ্জ থানা কম্পাউণ্ডের ভিতর গত মঙ্গলবার সকালে এসআই কোয়ার্টার ভবন নির্মানের জন্য মাটি খোঁড়ার সময় নির্মান শ্রমিকরা মাটির নিচ থেকে ১টি রকেট লাঞ্চার ১টি পাইপ বোমা, ১টি এমএমসির ম্যাগাজিন ও ২৬টি গ্রেনেড উদ্ধার করে। ১৯৭১ সালে ওই স্থানে পাক বাহিনীর একটি ক্যাম্প ছিল। ধারণা করা হচ্ছে অস্ত্র ও গ্রেনেডগুলোর মুক্তিযুদ্ধের সময়কার।
