কুমিল্লা ইপিজেড শ্রমিকদের আন্দোলন থামাতে আনসারদের গুলিবর্ষণ
শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিকের দাবি এবং বিভিন্ন অনিয়ম ও লে-অফ ঘোষণার প্রতিবাদে শ্রমিক আন্দোলনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে ইপিজেড ক্যাম্পাসে আনসারদের গুলিবর্ষণ ও ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল বুধবার থেকে কুমিল্লা ইপিজেড-এর সাতটি কারখানার প্রায় ১৬শ নারী-পুরুষ শ্রমিক তাদের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন শুরু করে। আন্দেলনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে শ্রমিকরা মিছিল বের করে। শ্রমিকদের এ আন্দোলন বন্ধ করতে ‘নরপাল’ কারখানায় মালিকপক্ষের লোকজনদের সাথে সাধারণ শ্রমিকদের বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে আন্দোলন থামাতে বেপজা কর্তৃপক্ষের নির্দেশে নিজস্ব আনসার গুলি ছুঁড়লে আন্দেলনকারীরা ক্যাম্পাসে ব্যাপক ভাংচুর করে এবং দুটি মোটরবাইকে আগুন লাগিয়ে দেয়। আন্দোলনকারীরা প্রশাসন ভবনেও ভাংচুর করে।
বেপজা কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করেছে।
বেপজা’র জিএম ফজলুল হক ভূঁইয়ার সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে মন্তব্য করেননি।
