২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রহ্মপুত্র নদে ডিম পাড়তে আসা ইলিশ অবাধে পাচার হচ্ছে ভারতে

গাইবান্ধায় প্রবাহিত ব্রহ্মপুত্র নদ সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ২০ থেকে ২৫ মন ইলিশ মাছ আবাধে পাচার হচ্ছে ভারতে। প্রতিদিন পাচারকৃত এই মাছগুলোর মুল্য প্রায় এক লাখ ৬০ হাজার টাকা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 02:19 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

নদীতে ডিম ছাড়তে ঝাঁকে ঝাঁকে আসা ইলিশ মাছ স্থানীয় জেলেরা চোরাকারবারীদের মাধ্যমে ভারতে পাচার করছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় একটি সূত্র জানায়, প্রচুর পরিমান ইলিশ ভারতে পাচার হলেও গাইবান্ধার স্থানীয় বাজারগুলোতে ইলিশের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। গাইবান্ধায় বর্তমানে বড় ইলিশ ২৬০ থেকে ২৮০, মাঝারি ইলিশ ১৬০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

জেলার ব্রহ্মপুত্র অববাহিকার বালাসি, ফুলছড়ি, কামারজান, সৈয়দপুর, কঞ্চিপাড়া, মোল্লারচর, এড়েন্ডাবাড়ী, খাটিয়ামারী চর, সাগুনা, হলদিয়া, হাসধরা, ঘাট ও চরাঞ্চল এলাকায় স্থানীয় সংঘবদ্ধ চোরাকারবারী এবং জলদস্যুরা জেলেদের সহায়তায় প্রতিদিন ২০ থেকে ২৫ মন ইলিশ ধরছে। মাছগুলো গোপন জায়গায় নিয়ে বরফ দিয়ে বাক্সবন্দী করে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়ক এবং হিলি সীমান্ত পথে ট্রাকযোগে ভারতে পাচার করা হচ্ছে।

পাচারকৃত মাছের বেশীর ভাগই নদী পথে জেলার শেষ সীমান্ত পথ দিয়ে দেওয়ানগঞ্জ, চিলমারী, রৌমারী ও রাজিবপুর হয়ে ভারতে পাচার হচ্ছে।