যুবলীগ নেতা সুমনের দাফন সম্পন্ন, র্যাবের শাস্তি দাবি করেছে আওয়ামী লীগ
র্যাব হেফাজতে নিহত যুবলীগ নেতা আবুল কালাম আজাদ সুমনের দাফন সম্পন্ন হয়েছে। আজিমপুর গোরস্থানে বুধবার তাকে কবর দেয়া হয়।
এর আগে বাদ জোহর বাগানবাড়ি জামে মসজিদে সুমনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
শত শত এলাকাবাসী, রাজনৈতিক নেতা কর্মী জানাজায় অংশ নেয়। এছাড়া বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আরেক দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগ নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন র্যাব সুমনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তারা হত্যাকারীদের বিচার দাবি করেন।
অন্যদিকে র্যাব-৩ মঙ্গলবার রাতে খিলগাঁও থানায় দুটি পৃথক মামলা দায়ের করে।
নিহতের বাড়ির আশে পাশে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
এলাকাবাসীরা জানান, পুলিশের উপস্থিতির কারণে তারা প্রতিবাদ মিছিল বের করতে পারেনি।
আবুল কালাম আজাদ সুমনকে র্যাব সোমবার রাতে তার ব্যাবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে যায়। যদিও র্যাব বলছে ক্রসফায়ারে তার মৃত্যু হয়েছে। নিহতের বাবা আব্দুল হাকিম সাংবাদিকদের বলেছেন, তিনি র্যাবের বিরুদ্ধে মামলা করবেন।
র্যাবের মহাপরিচালক আব্দুল আজিজ সরকারের সাথে যোগাযোগ করা হলে এ ব্যাপারে তিনি কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
সুমন হত্যার প্রতিবাদে যুবলীগ সারা দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশসহ চারদিনের কর্মসূচি ঘোষণা করেছে।
