শিশুক্ষুধা দূর করতে তহবিল সংগ্রহে ১২ জুন ডব্লিউএফপি’র বিশ্ব পদযাত্রা
বিশ্বব্যাপী শিশুক্ষুধা দূরীকরণের তহবিল সংগ্রহের লক্ষ্যে জাতিসংঘের বিশ্বখাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং এর অংশীদার সংগঠন টিএনটি আগামী ১২ জুন বিশ্ব পদযাত্রা কর্মসূচি পালন করবে।
শিশু খাদ্যাভাব দূরীকরণের লক্ষ্যে এ অভিযানে ডব্লিউএফপি ও টিএনটি’র দুই লাখেরও বেশি স্টাফ, পার্টনার, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব ২৪টি টাইম জোনের ৯০টি দেশের প্রতিটিতে পাঁচ কিলোমিটার করে রাস্তা পায়ে হেঁটে ভ্রমণ করবে।
গত বছর পরিচালিত প্রথম বিশ্ব ভ্রমণে তৃতীয় বিশ্বের দেশসমূহের ৩০ হাজারের বেশি স্কুল ছাত্র-ছাত্রীদের খাদ্য যোগানের জন্য ৭২টি দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়।
স্থায়ীভাবে শিশু খাদ্যাভাব দূরীকরণে ডব্লিউএফপি’র স্কুল ফিডিং প্রকল্পের অধীনে দুই মিলিয়ন ইউরো (২ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার) অর্থ সংগ্রহের উদ্দেশ্যে বিশ্বব্যাপী এ অভিযান পরিচালনা করা হবে।
বিশ্বে প্রতিদিন খাদ্যের অভাবে ১৮ হাজার শিশু মারা যায় এ কঠিন বাস্তবতা সম্পর্কে বিশ্ববাসীকে অবগত করার জন্য দুশ’র বেশি শহর ভ্রমন করা হবে। এছাড়াও বিশ্বে যে তিনশ’ মিলিয়ন শিশু কঠিন খাদ্যাভাবে ভোগে এবং একশ’ মিলিয়ন শিশু স্কুলে যায় না সে ব্যাপারে সচেতন করে তোলা হবে।
