১৮ মাস বেতন নাই, পাবনায় প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ
দেশের ১০ হাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো পাবনার দুইশ’ শিক্ষক গত ১৮ মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না।
বকেয়া বেতনের দাবিতে পাবনার শিক্ষকরা বুধবার জেলা শিক্ষা অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে তারা ৯ জুন জাতীয় সংসদে বাজেট পেশের আগেই তাদের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন।
শিক্ষক নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, বাজেটে প্রাথমিক শিক্ষার নানামুখী উন্নয়ন দেখানো হয়, কিন্তু দেশের ১০ হাজার প্রাথমিক শিক্ষক ১৮ থেকে ২৪ মাস পর্যন্ত বেতন পাচ্ছেন না। এই অমানবিক দিকটি সংশ্লিষ্টরা সচেতনভাবে এড়িয়ে যান।
শিক্ষকরা জানান, বেতন ভাতা প্রদানের ব্যবস্থা করা না হলে তারা ৯ জুন তিন ঘন্টার কর্মবিরতি পালনসহ কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ জানাবেন।
পাবনার বেতন বঞ্চিত শিক্ষকগন বিডিনিউজ’কে জানান, তারা ২০০১ সাল থেকে আইডিএ সাহায্যপুষ্ট প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় কর্মরত ছিলেন। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে প্রকল্পের জনবল গত মার্চ মাসে রাজস্ব খাতে স্থানান্তরিত করা হলেও এখন পর্যন্ত তাদের বেতনভাতা প্রদান করা হয়নি।
