কুমিল্লায় র্যাব ও পুলিশের ‘ক্রসফায়ারে’ কথিত দুই ডাকাত নিহত
কুমিল্লার চৌদ্দগ্রাম থানার রাজেন্দ্রপুরে বুধবার ভোরে র্যাব ও পুলিশের যৌথ অভিযান চলাকালে ‘ক্রসফায়ারে’ কথিত দুই হাইওয়ে ডাকাত নিহত হয়েছে।
যৌথ বাহিনী সূত্র জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় চারটি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। ডাকাতদের গুলিতে র্যাবের কন্সস্টেবল মশিউর রহমান আহত হয়।
নিহতরা হচ্ছে: মেহেদী হাসান মুন্না ওরফে মেহেদী ডাকাত এবং মাইনুদ্দিন ওরফে মুন্নাইয়া ডাকাত।
জানা যায়, পরে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি এসবিবিএল বন্দুক, দুইটি এলজি, একটি পাইপগান ও ৩২ রাউন্ড বিভিন্ন ধরণের গুলি উদ্ধার করেছে।
নিহত মুন্নাইয়া ডাকাত ইসলামী ছাত্র শিবিরের ক্যাডার। তার বিরুদ্ধে ফেনী ও চৌদ্দগ্রাম থানা হত্যা, ডাকাতি, চোরাচালনসহ ১২টি মামলা রয়েছে। আরেক নিহত মেহেদী ডাকাতের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় রয়েছে হত্যা, ডাকাতি ও চোরাচালানসহ ১২টি মামলা।
যৌথ বাহিনী জানায়, কুমিল্লা হাইওয়ে ক্যাম্পের পুলিশের সহায়তায় র্যাব চট্টগ্রামের সদস্যরা মঙ্গলবার ভোরে মেহেদী ডাকাত ও মুন্নাইয়া ডাকাতকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদের পর গভীর রাতে অস্ত্র উদ্ধারের জন্য যৌথবাহিনীর সদস্যরা কাঠালিয়া যাওয়ার পথে রাজেন্দ্রপুর পৌঁছলে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা করে। যৌথবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালালে দুপক্ষের মধ্যে প্রায় ৬০ রাউন্ড গুলি বিনিময় হয়।
দুপক্ষের গুলি বিনিময়ে মেহেদী ও মুন্নাইয়া ঘটনাস্থলেই নিহত হয়।
নিহতদের লাশ থানা পুলিশ হেফাজতে দেওয়া হয়। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।
