পুলিশ প্রশাসনের প্রতি কুমিল্লাবাসীর ক্ষোভ বাড়ছে
জেলার পুলিশ প্রশাসনের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ দিন দিন বেড়েই চলেছে। একের পর এক অপরাধমূলক কর্মকান্ড ঘটে চললেও প্রশাসন তার কোন প্রতিকার করতে পারছে না। ফলে কুমিল্লাবাসী প্রশাসনের প্রতি আস্থা হারিয়ে ফেলছে।
সূত্র জানায়, জেলার বিভিন্ন থানার ওসি‘দের নিয়ে চলছে নানা গুঞ্জন। অনেক কর্মকর্তাকে ইতোমধ্যেই লাইনে ক্লোজড করা হয়েছে। কুমিল্লা শহরে এবং শহরতলীর আশ-পাশে গত ২ মাসে অনেকগুলো হত্যাকান্ডের মূল আসামীদের ধরতে পুলিশ ব্যর্থ হয়েছে। মাত্র ৩ দিন আগে শহরে সাংবাদিক হত্যার ঘটনাটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে। জেলা সদর উপজেলার চাঞ্চল্যকর ও নৃশংস জোড়া খুনের রহস্যের জট এখনও খুলেনি। গ্রেপ্তার হয়নি প্রধান সন্দেহভাজন আসামী। এমনকি এ ব্যাপারে পুলিশ তথ্য উদঘাটন করতেও সক্ষম হয়নি।
উল্লেখ্য, শহরতলীর চম্পকনগরের (সাতরা) ব্যবসায়ী লিয়াকত আলীর একমাত্র পুত্র নাজমুল হাসান সাগর (২৩) ও একই গ্রামের সফিকুর রহমানের ছেলে খোকন মিয়া (২৮) কে অজ্ঞাত সন্ত্রাসীরা মাথায় পেরেক বা রড দিয়ে ছিদ্র করে ৯ মে রাতে নৃশংসভাবে খুন করে। সাগরের মাথায় ৮াট এবং খোকনের মাথায় ১০টি জখম ছিল।
এ ব্যাপারে কোতয়ালী থানার ওসি শাহ আলম বকাউল বিডিনিউজকে জানান, এ মামলায় ইতোমধ্যে সাতরা গ্রামের নিজামউদ্দিন ও আল-আমিনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ মূল সন্দেহভাজন আসামী এরশাদসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
