চট্টগ্রামে গুঁড়োদুধের কৃত্রিম সংকট
প্রস্তাবিত নতুন বাজেটে গুঁড়োদুধের আমদানী শুল্ক বাড়ানো নিয়ে সৃষ্ট বিভ্রান্তির প্রেক্ষাপটে বন্দরনগরী চট্টগ্রামে গুঁড়োদুধের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। চট্টগ্রামের খাতুনগঞ্জে রোববারও কোন গুঁড়োদুধ কেনা বেঁচা হয়নি।
২০০৫-০৬ অর্থ বছরের জন্য প্রস্তাবিত নতুন বাজেটে গুঁড়োদুধের ওপর ২০ শতাংশ হারে সম্পুরক কর আরোপ করা হয়েছে। এর পরপরই সরকারি একটি প্রজ্ঞাপনে এই কর রোহিত করা হয়েছে বলে ঘোষণা দেয়া হয়। ফলে এই কর প্রস্তাব প্রয়োগের ব্যাপারে আমদানীকারকরা বিভ্রান্তিতে পড়েছে।
বন্দরনগরী চট্টগ্রামের চাহিদা পূরণের মত পর্যাপ্ত গুঁড়োদুধ মজুত থাকা সত্ত্বেও আমদানীকারক ও পাইকারী বিক্রেতারা এর বিক্রি বন্ধ করে দেয়ায় সৃষ্টি হয়েছে কৃত্রিম সংকট। উদ্ভুত পরিস্থিতে খুচরা বাজারে গুঁড়োদুধের দাম প্রতি কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়ে গেছে।
এদিকে খুচরা বিক্রেতারা জানিয়েছেন, পাইকারী বাজারে গুঁড়োদুধ বিক্রি শুরু না হলে চট্টগ্রামে গুঁড়োদুধের সংকট চরম আকারে দেখা দেবে।
তাছাড়া আমদানীকৃত গুঁড়োদুধের ওপর ধার্যকৃত ২০ শতাংশ করের প্রস্তাব যদি বাস্তবায়িত হয় তাহলে গুঁড়োদুধের দাম আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
