১৫ জুন আটোয়ারী সীমান্তে পতাকা বৈঠক
চা বাগান স্থাপনকে কেন্দ্র করে গত ৩ দিন ধরে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার সোনাপাতিলা সীমান্তে বিডিআর বিএসএফের মধ্যে উত্তেজনা, বিরাজমান সমস্যা, বিডিআর-বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পারস্পারিক সম্পর্ক উন্নয়ন ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান বজায় রাখতে আগামী ১৫ জুন আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়ন পরিষদ ভবনে বিডিআর ও বিএসএফের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে বিডিআরের পক্ষে ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোস্তাফিজুর রহমান খান এবং বিএসএফের পক্ষে ৩২ বিএন বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট পি এস বেইন নেতৃত্ব দেবেন। বৈঠকে বিডিআরের ৮ সদস্য এবং বিএসএফের ১৮সদস্যের প্রতিনিধি দল উপস্থিত থাকবেন।
এদিকে জেলার ধনীরহাট বিএসএফ ফাঁড়ির সদস্যরা গত বৃহস্পতিবার ও শুক্রবার ওই এলাকায় জিরো লাইন বরাবর চা বাগান স্থাপনের চেষ্টা চালায়। বিডিআরের অব্যাহত বাধা ও প্রতিবাদের মুখে বিএসএফ চা বাগান স্থাপনের কাজ বন্ধ রাখতে বাধ্য হয়। এ নিয়ে সীমান্তে উত্তেজনার সৃষ্টি হলে উভয় পক্ষের মধ্যে গত শনিবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ চা বাগান স্থাপনের কাজ বন্ধ রাখতে সম্মত হলেও তারা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বলে বিডিআর কর্তৃপক্ষকে জানায়। জবাবে বিডিআর কর্তৃপক্ষ তবে উভয়পক্ষের সমন্বয়ে সীমানা জরীপ শেষে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারবে বলে ভারতীয় বাহিনীকে জানিয়েছে।
