সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনা অব্যাহত, মঙ্গলবার পাস করা হবে
জাতীয় সংসদে ২০০৪-০৫ সালের সম্পূরক বাজেট নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। সোমবার দ্বিতীয় দিনের মতো সম্পূরক বাজেট নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
দিনের আলোচনা শেষে সংসদের অধিবেশন মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মূলতবি করা হয়। মঙ্গলবার তৃতীয় দিনের মতো আলোচনা শেষে বিগত অর্থবছরের সম্পূরক বাজেট সংসদে পাস করা হবে।
মঙ্গলবার বিকেল ৫টা ৩৫ মিনিটে স্পিকার ব্যারিষ্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এতে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নেন কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম, বিএনপির মঞ্জুর কাদের, আব্দুল গণি ও কলিমউদ্দিন, জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পরওয়ার ও আবু সাঈদ মোহাম্মদ শাহাদাত হোসাইন এবং জাতীয় পার্টির জিএম কাদের, মজিবর রহমান, মশিউর রহমান রাঙ্গা ও হাফিজউদ্দিন আহমেদ।
বিএনপি ও জামায়াতে ইসলামীর সদস্যরা সম্পূরক বাজেটের বিভিন্ন অংশের প্রশংসা করে তা অনুমোদনের জন্য সুপারিশ করেন। কোনো কোনো ক্ষেত্রে তারা ব্যয় আরও বৃদ্ধি করার জন্যও প্রস্তাব দেন।
তবে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও জিএম কাদের সম্পূরক বাজেটে অতিরিক্ত ব্যয়ের জন্য সরকারের তীব্র সমালোচনা করেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী সম্পূরক বাজেটের ওপর আলোচনায় বলেন, বাজেটের থেকে আয়-ব্যয় কমবেশি হতেই পারে। তবে তা নিয়ন্ত্রিতভাবে হয়েছে, সে ব্যাপারে আরও সতর্ক থাকা দরকার।
তিনি বলেন, সংসদের জন্য মাত্র ৪ কোটি টাকা ব্যয় করা হলেও সংসদের ২০ বছরের অভিজ্ঞ প্রায় ১৩০ জন দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারির চাকরি স্থায়ীকরণ করা হয়নি। তাদের চাকরি স্থায়ী করা যেতে পারতো।
বন বিভাগের অনিয়ম ও দুর্নীতির সমালোচনা করে তিনি বলেন, বন বিভাগের এখন আর কোনো দরকার নেই। এখাতে অংশীদারিত্বের ভিত্তিতে কার্যক্রমকে আরও বৃদ্ধি করা দরকার।
তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ব্যয় বৃদ্ধির প্রস্তাব করে বলেন, দূর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ ও সরঞ্জামাদির ব্যবস্থা করা দরকার। পুলিশের বেতন বৃদ্ধি করে তাদের দুর্নীতি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার।
জিএম কাদের তার বক্তব্যে বলেন, সম্পূরক বাজেটে প্রায় ৫ হাজার কোটি টাকার অতিরিক্ত অনুন্নয়ন ব্যয় দেখানো হয়েছে। এ টাকা অনুন্নয়ন খাতে ব্যয় না করে উন্নয়ন খাতে ব্যয় করলে দেশের মানুষের কল্যাণ হতো।
তিনি অনুন্নয়ন খাতে শুন্য পদে নিয়োগের সমালোচনা করে বলেন, শুন্য পদে নিয়োগ কারও চাকরির জন্য হয়নি, হয়েছে বাণিজ্যের জন্য। সরকার শুন্য পদ খুঁজছে বিক্রির জন্য, দলীয় লোকদের বসানোর জন্য। বিভিন্ন উন্নয়ন কাজে টেন্ডার হয়না, দলীয় ক্যাডারদের মধ্যে ভাগাভাগি হচ্ছে। উন্নয়নের নামে দলীয় লোকদের মাধ্যমে টাকার লুটপাট হচ্ছে।
জিএম কাদের বলেন, সরকার সংসদ কার্যকর না করে একে রাবার স্ট্যাম্প হিসেবে ব্যবহার করছে। একে সরকারের কাজকে বাধ্যতামূলকভাবে বৈধতা দেওয়ার কাজে ব্যবহার করা হচ্ছে। সরকার জনগণের জন্য পরিচালিত হচ্ছে না। বর্তমান সরকারের অবস্থা হয়েছে, ‘প্রধানমন্ত্রীর সরকার, প্রধানমন্ত্রীর দ্বারা গঠিত সরকার এবং প্রধানমন্ত্রীর জন্য গঠিত সরকার।
তিনি সম্পূরক বাজেটের সমালোচনা করে বলেন, বাজেট উত্থাপণের আগে এবং পরেও ‘এসআরও’ জারি করে রাজস্ব বৃদ্ধি করা হচ্ছে। তাই এখন আর সংসদে বাজেট উত্থাপণ বা পাসের কোনো প্রয়োজন নেই।
