জেলেদের জালে প্রতিদিন তিমি, ডলফিনসহ হাজারও জলজ স্তন্যপায়ীর মৃত্যু
জেলেদের জালে আটকা পড়ে প্রতিদিন তিমি, ডলফিনসহ ৯টি প্রজাতির প্রায় হাজারখানেক জলজ স্তন্যপায়ীর মৃত্যু ঘটে বলে এক রিপোর্ট প্রকাশ করা হয়েছে।
প্রাণী সংরক্ষনের একটি সংগঠন ওয়াল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ) তাদের গবেষণা রিপোর্টে এ তথ্য প্রকাশ করে। তারা এসব প্রজাতি রক্ষায় জরুরি পদক্ষেপ নেয়ারও আহবান জানিয়েছে। অবিলম্বে কার্যকরি ব্যবস্থা না নেয়া হলে এ প্রজাতির প্রাণীগুলো অচিরেই হারিয়ে যেতে পারে বলেও সংগঠনটি আশংকা প্রকাশ করেছে।
সংগঠনটির পরিচালক ড. সুসান লিবারম্যান জানান, জেলেদের মাছ ধরার বিভিন্ন প্রক্রিয়া ও সরঞ্জামাদিতে আহত হয়ে প্রতি ২ মিনিটে ১ টি করে এসমস্ত স্তন্যপায়ী নিহত হয়। ফলে অনেক প্রজাতি ইতোমধ্যেই বিলীন হয়ে যাচ্ছে। বিরল এবং পরিবেশবান্ধব এসব প্রজাতি রক্ষায় অবিলম্বে ব্যবস্থা নেয়া উচিত বলে তিনি মত প্রকাশ করেন।
লিবারম্যান জানান, গিলনেট নামক এক প্রকার জালের কারনে তিমি এবং ডলফিন প্রজাতির প্রাণীগুলো প্রাণ হারায়। মূলত কৃষ্ণ সাগর, আটলান্টিক মহাসাগরের পশ্চিম আফ্রিকা অংশে, এবং দক্ষিন আমেরিকার সাগরে এ মৃত্যুহার সবচেয়ে বেশি।
সংগঠনটি জীববৈচিত্র এবং পরিবেশ রক্ষায় বিরল প্রজাতির এ সমস্ত প্রাণী রক্ষায় পরিবেশবিদ, বিশ্ব নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছে।
