সংসদে প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা শুরু
জাতীয় সংসদে বুধবার ২০০৫-০৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা শুরু হয়েছে।
স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়। দিনের কার্যসূচি অনুযায়ী প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বিএনপি ও জামাতের তিনজন সদস্য অংশ নেন। সদস্যরা হচ্ছেন: বিএনপির ডা. রুস্তম আলী ফরাজী ও মোজাম্মেল হক এবং জামাতের মাওলানা আব্দুল খালেক মণ্ডল।
জোট সরকারের অন্যতম শরীক দুটি দলের সদস্যরাই বাজেটে ভূয়সী প্রশংসা করেন।
ডা. রুস্তম আলী ফরাজী তার বক্তব্যে বাজেটের প্রশংসা করলেও তার এলাকার যথাযথ উন্নয়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি সত্বেও সাড়ে তিন বছরে আমার পিরোজপুর এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন হয়নি। এ বিষয়ে যোগাযোগ মন্ত্রীর সাথে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি।
তিনি তার নির্বাচনী এলাকা মঠবাড়িয়ায় চারটি থানা নিয়ে একটি জেলা প্রতিষ্ঠার দাবি জানান।
সংসদের বৈঠক বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।
