সিলেট অঞ্চলে বিয়ে নিয়ে বিভিন্ন সামাজিক নিয়ম-রীতি
লৌকিক আচার-অনুষ্ঠান ও বিশ্বাস লোকজীবনের সঙ্গেই সম্পৃক্ত। সমাজ এগিয়ে চলে লৌকিক আচার-অনুষ্ঠানের পরিক্রমার মধ্যে দিয়ে। বাঙ্গালী জীবনের সঙ্গে এসব লৌকিক আচার-অনুষ্ঠান একাকার হয়ে মিশে আছে।
দেশের অন্যান্য অঞ্চল অপেক্ষা সিলেট অঞ্চলে এসব আচার-অনুষ্ঠানের বেশী সাড়া পাওয়া যায়। এক্ষেত্রে উল্লেখ করা যায় সিলেট অঞ্চলের বিয়ের রীতির কথা। এখানকার হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের বিয়েরীতি অনেক জাঁকজমকের সঙ্গে উদযাপন করা হয়ে থাকে।
হিন্দু সম্প্রদায়ের বিয়ের অনুষ্ঠান
হিন্দু বিয়ের আচার-অনুষ্ঠানকে দু‘ভাগে বিভক্ত করা যেতে পারে। যথা-লৌকিক ও শাস্ত্রীয়। শাস্ত্রীয় অনুষ্ঠান পুরোহিত দ্বারা সম্পাদিত এবং লৌকিক আচার-অনুষ্ঠান সধবা মেয়েদের ও নাপিত দ্বারা সম্পাদিত হয়। এ আচার-অনুষ্ঠানের মধ্যে অনেকগুলো পর্যায় রয়েছে। যেমন-মঙ্গলাচরণ, পানের খিলি, রুপসী পূজা, অধিবাস দধিমঙ্গল ইত্যাদি।
মঙ্গলাচরণ : এটি হচ্ছে বিয়ের প্রথম অনুষ্ঠান। ওই দিন শুভ দিনক্ষণ অনুযায়ী পাত্রের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে আসা হয় কনের বাড়িতে। কনেকে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে বসানো হয়। পাত্রের বাড়ি থেকে আগত কোনো এক গুরুজন কনেকে আশীর্বাদ করেন। তখন কনের হাতে সিদুঁর ও শাখা রাখা হয়। তারপর পুরোহিতের মাধ্যমে বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়।
পানের খিলি : পানের খিলি অনুষ্ঠানে পাঁচজন সধবার প্রয়োজন হয়। পাঁচজনের অধিক হলে সমস্যা নেই কিন্তু পাঁচজনের কম হলে চলবে না। এতে কোন পুরোহিতের প্রয়োজন হয় না। সধবা মেয়েরাই বিভিন্ন আচার সম্পন্ন করেন। অনেকগুলো পান দিয়ে পানের খিলি তৈরি করা হয় এবং খিলির মধ্যে বাঁশের কাঠি দিতে হয়। বাঁশের কাঠি ছাড়াও পানের খিলিতে সোনা ও রূপার কাঠি দিতে হয়। এই খিলি সধবারা একটি সুদৃশ্য ডালাতে সাজিয়ে মন্দিরে নিয়ে আসেন। এসময় তারা বিভিন্ন ধরনের গীত করতে থাকেন।
রুপসী পূজা : রুপসী পূজাও সধবা মহিলারা করে থাকেন। কলা গাছ দিয়ে একটি ছোট ঘর তৈরি করা হয় এবং এতে সিদূঁরের ফোঁটা দিতে হয়। দুধ, ধান, দূর্বা, দই, ঘি, ডিম সিদুঁর ইত্যাদিসহ রুপসী গাছের তলায় যাওয়া হয়। তারপর এ ছোট ঘরটিকে ধান-দূর্বার মাধ্যমে আশীর্বাদ করা হয় এবং দুধ দিয়ে গাছের শিকড় ধুয়ে দিতে হয়। এই পূজায় অংশগ্রহনকারী সধবারা সবাই সেদিন উপবাস থাকেন। সিদুঁর ও দই গাছের শিকড়ে দিয়ে চলে আসতে হয়। এছাড়া বিভিন্ন ফল ও মিষ্টি রুপসী দেবতার নামে অপর্ণ করা হয়।
অধিবাস : বিয়ের আগের দিন এ অনুষ্ঠান পালন করা হয়। এটি সন্ধ্যায় ও রাতে অনুষ্ঠিত হয়। কনেকে হলুদ এবং তেলসহ স্নান করানো হয়। কনের মা সাতটি ছোট ঘটে পুকুর থেকে জল নিয়ে আসেন। সেই জল দিয়ে কনেকে স্নান করানো হয়। কনেকে একটি চৌকিতে বসানো হয় এবং এর চারদিকে আলপনা আকাঁ থাকে। মা কনের মাথার ওপর দিয়ে তিনবার ছুরি ঘুরিয়ে আনেন এবং এরমধ্যে দিয়ে মা সকল শত্রুর হাত থেকে মেয়েকে রক্ষা করার জন্য আশীর্বাদ করেন। অন্য সধবারা কনের গায়ে হলুদ মাখিয়ে দেন। গ্রামের মহিলারা গীত ও ধামাইল নৃত্য করতে থাকেন। সারারাত মহিলারা এই নৃত্যগীত করে থাকেন। বরের বাড়িতেও ঠিক একই রকম অধিবাসের অনুষ্ঠান করা হয়। ওই দিন থেকে বর ও কনের হাতে একটি দর্পন রাখতে হয়, যা বিয়ে শেষ হওয়া পর্যন্ত থাকে।
বিয়ের অনুষ্ঠান : বর কনের বাড়িতে আসার পর শ্যালক-শ্যালিকারা ঠাট্টা-তামাশা করেন। সধবারা উলুধ্বনির মাধ্যমে শংখ বাজিয়ে বরকে বরণ করে নিয়ে আসেন। বিয়ের লগ্নের কিছু আগে কনের মাতা বরকে আশীর্বাদ করেন। একে দধি মঙ্গল বলা হয়। কনেকে মা আশীর্বাদ করে একটি আংটি বরের হাতে পরিয়ে দেন। তারপর বরকে বিয়ের কুঞ্জে নিয়ে আসা হয়। সেই সঙ্গে সধবারা বরণ ডালা, প্রদীপ ও মালা নিয়ে কুঞ্জে প্রবেশ করেন। তারপর সাতপাক শুরু হয। বিয়ের অনুষ্ঠান চলার সময়ে বাদ্য-বাজনা উলুধ্বনি দেওয়া হয়। সাতপাক শেষ হওয়ার পর প্রদীপের মাধ্যমে বর ও কনের শুভদৃষ্টি সম্পন্ন হয়। এরপর মালা বদল হয়। উলুধ্বনির মাধ্যমে বর-কনে কুঞ্জ ত্যাগ করেন। তারপর বর-কনেকে পুনরায় বিয়ের কুঞ্জে নিয়ে আসা হয়। সেখানে সম্প্রদায়ের জন্য পুরোহিত কর্তৃক বেদমন্ত্র পাঠ, হোমাদি ও বসুন্ধরা ক্রিয়া হয়। পিতা, মামা অথবা জ্যেষ্ঠ ভ্রাতা কনে-সম্প্রদান করে থাকেন। সম্প্রদানের মাধ্যমে কনের গোত্র বদল হয়ে বরের গোত্র হয়ে যায়। বর-কনেকে ফুলশয্যার ঘরে নিয়ে যাওয়ার আগে পাশা খেলা হয়। পাশা খেলায় ২১টি কড়ি ও ১টি আংটি দরকার হয়। পাশা খেলা নবদম্পতির মধ্যে সংকোচ ও জড়তা কাটিয়ে উঠতে সহায়তা করে।
বাসি বিয়ে : বাসি বিয়ের দিন বর-কনেকে সধবারা স্নান করানোর জন্য আঙ্গিনার মধ্যে আলপনা আঁকা পিঁড়িতে বসায়। তাদের গায়ে হলুদ ও তেল মাখিয়ে দেওয়া হয়। বর কনের হাতে হলুদ মাখিয়ে দেন। সধবারা ধান-দূর্বা দিয়ে বর-কনেকে আশীর্বাদ করেন। কলস ও ঘটের জল দিয়ে তাদের স্নান করানো হয়। স্নানের পর বর-বধুকে নতুন কাপড় পরিয়ে সাতপাঁক ঘুরানো হয়। দুপুরের মধ্যে খাওয়া-দাওয়া হয়ে গেলে সুসময় অনুযায়ী বর কনেকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তৈরি হন।
বৌ-ভাত ও বধূবরণ : বরের বাড়িতে কনেকে বরণ করা হয়। একটা পিতলের থালার মধ্যে দুধ, দই এবং আলতা রাখা হয়। কনে তার পা ওই থালার মধ্যে ধুয়ে বরের বাড়িতে প্রবেশ করে। বরের বাড়িতে যাওয়ার পর আবার আশীর্বাদ করা হয়। তখন বরের মা কনের মুখ ও কানে মধু লাগিয়ে দেন। তারপর ছেলে ও বৌকে কোলে নিয়ে বিভিন্ন কথা বলেন। বরের বাড়িতে যাওয়ার পরের দিন হয় কালরাত। ওইদিন স্বামী-স্ত্রী দুজনে কেউ কারও সংস্পর্শে আসেন না। ওইদিন দু’জনকে দু‘জায়গায় রাখা হয়। পরের দিন বৌ-ভাতে দু‘জনের দেখা হয়। ওইদিন বর কনেকে একটি ডালাতে করে ভাত, কাপড়, সিদুঁর শাঁখা প্রভৃতি দান করেন। এই আচরণকে বলা হয় ভাত-কাপড় দান। ওইদিন থেকে স্বামী-স্ত্রীর যাবতীয় ভরণ পোষণ নেওয়ার প্রতিজ্ঞা করেন।
হস্তগ্রহন : নতুন বৌকে নিয়ে এই অনুষ্ঠানে রান্না করানো হয়। বর বাজার করে নিয়ে আসেন এবং কনে এই বাজার দিয়ে রান্না করেন। কনেকে দিয়ে মাছ কাটানো হয়। আমন্ত্রিতদের নতুন বৌ খাদ্য পরিবেশন করেন।
ফিরাযাত্রা : গ্রামে দ্বিরাগমণকে ফিরাযাত্রা বলা হয়। কনে বরের বাড়ি থেকে বাবার বাড়ি আসেন। তখন ‘জামাই খানা‘ নামক আরেকটি অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে হিন্দুরীতিতে বিয়ের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মুসলমান সম্প্রদায়ের বিয়েরীতি
মুসলিম বিয়ে চুক্তিভিত্তিক এবং এই বিয়ে রেজিষ্ট্রি করা হয়। ইসলাম ধর্মে সর্বাধিক চারজন স্ত্রী গ্রহণের অনুমোদন রয়েছে। তবে স্ত্রীর মতামত না নিয়ে কেউ পুনরায় অন্য স্ত্রী গ্রহণ করতে পারে না। মুসলিম বিয়েতে বিচ্ছেদ আছে। কিন্তু হিন্দু বিয়ে অবিচ্ছেদ্য। মুসলিম বিয়ের অনুষ্ঠানগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো।
পানচিনি : বিয়ের পাত্রপাত্রী পছন্দ হলে আসে পানচিনি বা পাকা কথার পালা। অঞ্চলভেদে এর বিভিন্ন নামকরণ হয়। সাধারণত কন্যার পিতৃগৃহে এই অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে কনেকে আংটি বা টাকা দেওয়া হয়। কাবিনের টাকা এবং দেনা-পাওনা নিয়ে আলোচনা করা হয় এই অনুষ্ঠানে।
গায়ে হলুদ : এ অনুষ্ঠানে আত্মীয়-স্বজনরা সবাই বর বা কনের গায়ে হলুদ মাখিয়ে দিয়ে যান। এসময় তাদের মিষ্টিমুখও করানো হয়। রক্ষাকবচ হিসাবে গায়ে হলুদে বরের ডান হাতে এবং কনের বাম হাতে রাখী বেঁধে দেওয়া হয়।
দধিমঙ্গল : দুলহা সাজানো হয়ে গেলে মা দুধভাত দিয়ে তাকে আড়াই লোকমা ভাত খাওয়ান। অবশিষ্ট ভাত পুকুরে ফেলে দেন। এক পাতিল ভাত গামলায় ঢেলে তাতে দই মাখিয়ে দিয়ে বর তিন লোকমা দইভাত খায়। এরপর বর সেজে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বিয়ে করতে যান।
আকদ : এই অনুষ্ঠানই মুসলমান বিয়ের মূল অনুষ্ঠান। এতে উভয় পক্ষের দু‘জন স্বাক্ষী থাকতে হয় এবং একজন উকিলের দরকার হয়। বিয়ের কাবিন ঠিক করা হয়। ছেলে পক্ষের লোকজন এবং অন্যদের সামনে বর আগে কবুল করেন। বর কবুল করার পর কনে কবুল করেন। কাবিননামায় উভয়ের স্বাক্ষর দিতে হয়। এরপর বর-কনের মঙ্গলের জন্য আল্লাহর নিকট মোনাজাত করা হয়। আকদের উপাদানসমূহ বরের বাড়ি থেকে আসে। আকদের অনুষ্ঠান বিয়ের আগেও হতে পারে। অনেক ক্ষেত্রে আকদ ও বিয়ে একই দিনে করা হয়। বিয়েতে আর ধর্মীয় কোন অনুষ্ঠান করা হয় না। বিয়ের দিন ভোজনের আয়োজন করা হয়।
বৌ-ভাত : সাধারণত বরের বাড়িতে বিয়ের তৃতীয় দিনে ওয়ালিমা হয়। একেই অন্যান্য অঞ্চলে বৌ-ভাত বলে। বরের বাড়িতে বিয়ে উপলক্ষে সবাইকে আপ্যায়ন করার জন্য এই অনুষ্ঠান করা হয়ে থাকে। ওয়ালিমার মধ্যে দিয়ে মুসলমানদের বিয়ের অনুষ্ঠান শেষ হয়।
সিলেট অঞ্চলে যতটুকু পারা যায় সামাজিক আচার, নিয়মরীতি মেনে চলা হয়। তাই এ অঞ্চলের বিয়ের অনুষ্ঠানগুলোর পরিপূর্ণ আনন্দ উপভোগ করা যায়। তাছাড়া সবার উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠানগুলো প্রাণবন্ত হয়ে ওঠে।
