রাষ্ট্রপতির সাথে পাকিস্তানের হাইকমিশনারের বিদায়ি সাক্ষাৎ
পাকিস্তানের বিদায়ি হাইকমিশনার মানজার শফিক বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সাথে বিদায়ি সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতি পাকিস্তানের বিদায়ি হাইকমিশনারকে বলেন, বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে দু’দেশের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হয়েছে।
এক তথ্য বিবরণী থেকে জানা যায়, পাকিস্তানের বিদায়ি হাইকমিশনার মানজার শফিক বাংলাদেশে মেয়েদের অবৈতনিক শিক্ষার কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশে মেয়েদের শিক্ষা, জেন্ডার ইস্যু ও মাইক্রোক্রেডিটসহ বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য সার্ক দেশগুলোর মধ্যে ছড়িয়ে দেয়ার উপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি অধ্যাপক আহম্মেদ পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে বাংলাদেশ সরকারের আমন্ত্রণ ও তার শুভেচ্ছা পৌঁছে দিতে হাইকমিশনারকে অনুরোধ জানান। তিনি বিদায়ি হাইকমিশনারকে বাংলাদেশে দায়িত্ব পালনকালে বিভিন্ন কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান এবং তার পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
হাইকমিশনার তার বাংলাদেশে দায়িত্ব পালনকালে সকল প্রকার সহযোগিতা করার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাৎ অনুষ্ঠানে রাষ্ট্রপতির সচিব এম আবু সোলায়মান চৌধুরী, রাষ্ট্রপতির প্রেস সচিব এম মোখলেসুর রহমান চৌধুরী ও পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার শহীদ এম জি কায়ানী উপস্থিত ছিলেন।
