২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডওয়ার্ড কলেজে অধ্যক্ষের কক্ষ ভাংচুর করে ছাত্রদল কর্মীরা, ৩ শিক্ষক আহত

পছন্দ মতো ছাত্র ভর্তি না করায় পাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদলের সশস্ত্র সন্ত্রাসীরা বৃহস্পতিবার অধ্যক্ষের কক্ষসহ কয়েকটি কক্ষ ভাংচুর ও তছনছ করে। এ সময় সন্ত্রাসীদের হামলায় অধ্যক্ষসহ তিনজন শিক্ষক আহত হন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 09:58 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় হামলাকারিদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। অন্যথায় শনিবার বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, চলতি শিক্ষা বছরে প্রথম বর্ষ সম্মান শ্রেনীতে ভর্তির জন্যে ছাত্রদলের নেতারা মেধা তালিকা বাতিল করে তাদের পছন্দ মতো ছাত্রছাত্রী ভর্তি করতে কলেজ কর্তৃপক্ষকে চাপ দিতে থাকে। সূত্র মতে, ভর্তির কথা বলে ছাত্রদল নেতারা প্রতি ছাত্রছাত্রীর কাছ থেকে ১০ হাজার থেকে ১৫ টাকা উৎকোচ গ্রহণ করে।

কলেজ কর্তৃপক্ষ ছাত্রদলের দাবির প্রতি কর্ণপাত না করে মেধা তালিকা অনুযায়ী ছাত্রছাত্রী ভর্তি করায় ভর্তির শেষদিন বৃহস্পতিবার এই হামলা চালানো হয়।

এ ব্যাপারে পাবনা থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার বিডিনিউজকে বলেন, পরিস্থিতি এখন শান্ত। কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।