কাতার বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক জনশক্তি আমদানি করবে
কাতার বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক দক্ষ ও অদক্ষ জনশক্তি আমদানি করবে। জনশক্তি আমদানির ব্যাপারে আগামী এক মাসের মধ্যেই আলোচনা শুরু হতে পারে।
দ্বিতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনের পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে বৃহস্পতিবার কাতারের আমীর শেখ হামাদ বিন খলিফা আল থানির এক সৌহার্দপূর্ণ বৈঠকে কাতার বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক জনশক্তি আমদানির ব্যাপারে সম্মত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান বৃহস্পতিবার রাতে কাতার সফর শেষে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান।
মোর্শেদ খান জানান, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক এবং নার্সসহ বিপুল সংখ্যক জনশক্তি কাতারে পাঠানো হবে। তাদের পাঠানোর আগে আমরা প্রয়োজনে প্রশিক্ষণের ব্যবস্থা নেব।
তিনি জানান, কাতারে ৫০ থেকে ৫৫ হাজার বাংলাদেশী শ্রমিক রয়েছে। বেশ কয়েক বছর ধরে কাতারে জনশক্তি রফতানি বন্ধ রয়েছে।
কী পরিমাণ জনশক্তি রফতানির সম্ভাবনা রয়েছে সে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখন যে পরিমাণ বাংলাদেশী কাতারে রয়েছে তা তার দ্বিগুণ হতে পারে।
অন্যদিকে, বাংলাদেশ কাতারের সেনাবাহিনীকে প্রশিক্ষণ প্রদানের ব্যাপারে সম্মত হয়েছে। এছাড়া দু দেশের বিমান চলাচলের পরিমাণ আরও বাড়ানো হবে। এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন থেকে প্রতিদিনই কাতার ও ঢাকার মধ্যে কাতার এয়ারওয়েজের বিমান চলাচল করবে এবং শিগগিরই নতুন বিমান কেনার পর বাংলাদেশ বিমানও তাদের ফ্লাইট চালু করবে।
তিনি আরও জানান, বাংলাদেশের শিক্ষার্থীদের কলোনেল, টেক্সাস এএনএম ও জর্জটাউনের মতো বিশ্ববিখ্যাত আমেরিকান বিশ্ববিদ্যালয়ের এশীয় ক্যাম্পাসে লেখাপড়া করার জন্যও কাতার বৃত্তি প্রদান করবে।
দোহা সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আব্দুল্লাহ আহমাদ বাদাবির সাথেও বৈঠক করেছেন। বাদাবি বাংলাদেশ থেকে জনশক্তি আমদানির ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন বলে মন্ত্রী জানান।
বাংলাদেশ জনশক্তি আমদানির ব্যাপারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সম্মতি জ্ঞাপনের বিষয়ে এম মোর্শেদ খান জানান, জনশক্তি রফতানির বিষয়টি আবার পরীক্ষা করে দেখা হবে এবং সঠিক পদক্ষেপ গ্রহণে দু পক্ষেরই কিছু ট্রাভেল এজেন্সির কার্যক্রম পর্যালোচনা করা হবে । এছাড়া, জনশক্তি রফতানির পুরো প্রক্রিয়া আবার খতিয়ে দেখা হবে বলেও পররাষ্ট্রমন্ত্রী জানান।
