২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জনসহ ১৪ জন নিহত

দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সাতটি পৃথক সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। এর মধ্যে সিলেটে নিহত হয় একই পরিবারের পাঁচ জনসহ ছয় জন। নোয়াখালী ও মুন্সীগঞ্জে নিহত হয়েছে দু জন করে। এছাড়া মানিকগঞ্জ, ফরিদপুর, সিরাজগঞ্জ ও ভোলায় একজন করে নিহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2005, 10:13 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

বিডিনিউজ সিলেট প্রতিনিধি জানান, দক্ষিণ সুরমার লালবাজার ইউনিয়নের ফুলদী গ্রামের বেবিট্যাক্সি চালক ছন্দান মিয়া (২৬) তার পরিবারের সদস্যদের নিয়ে সকালে শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে বেবিট্যাক্সিযোগে বাড়ি ফিরছিল। বেলা একটার দিকে দক্ষিণ সুরমার তেতলী দারোগা বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের (সিলেট-৪৬৩০) সাথে তাদের ট্যাক্সির সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই পরিবারে পাঁচ সদস্য প্রাণ হারায়।

নিহতরা হলেন, বেবিচালক ছন্দান, তার মা আলিফজান বিবি (৫৫), মেয়ে রুনা বেগম (৩), শ্বাশুড়ি আমিরুন বেগম (৫০) ও শ্যালক সাহেল মিয়া (১৫)। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতাল মর্গে পাঠায়।

অপর দুর্ঘটনা সম্পর্কে পুলিশ জানায়, সকালে বালাগঞ্জ উপজেলার কুরুয়া বাজার এলাকার মাছের পোনা বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে আব্বাস মিয়া (২৬) নামে এক ব্যক্তির প্রাণহানি ঘটে।

নিহতের বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার তেরাপাশা গ্রামে।

এছাড়া দয়াগীর বাজারের কাছে ট্রাকের ধাক্কায় এক বেবিচালক ও একজন পথচারি গুরুতর আহত হয়ে।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ট্রাফিক আইল্যান্ডের কাছে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ট্রাফিক কনস্টেবল নিহত ও একজন ট্রাফিক সার্জেন্ট আহত হয়েছে।

নিহত কনস্টেবলের নাম জাহিদ হোসেন (৪১)।

ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ শাজাহান বিডিনিউজকে জানান, কনস্টেবল জাহিদ ও সার্জেন্ট সাঈদ খান একটি মোটর সাইকেল নিয়ে আইল্যান্ডের কাছে দায়িত্ব পালন করছিল। এসময় ঢাকাগামী একটি ট্রাক (চট্ট মেট্রো ট-১১-০৩৩০) পেছন থেকে তাদের ধাক্কা দিলে কনস্টেবল জাহিদ ট্রাকটিকে থামানোর চেষ্টা করলে, পুনরায় তাকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জাহিদের মৃত্যু হয় এবং আহত হয় সার্জেন্ট সাঈদ খান।

কিন্তু প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জাহিদ ও সাঈদ ওই রাতে বিভিন্ন পণ্যবাহী ট্রাক থামিয়ে চাঁদাবাজি করছিল। ওই ট্রাকটি থেকেও চাঁদা আদায়ের জন্যে থামানোর সিগন্যাল দেয়। কিন্তু ট্রাকটি না থামিয়ে দ্রুত চলে যাওয়ার সময় জাহিদ সামনে দাঁড়ালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কনস্টেবল জাহিদের বাড়ি টাঙ্গাইলে।

ফরিদপুর প্রতিনিধি জানান, জেলার সদরপুর উপজেলার বাবুরচরে দ্রুতগামি একটি যাত্রীবাহি বাসের চাপায় পিষ্ট হয়ে ৫ম শ্রেণীর ছাত্র রকিব ঘটনাস্থলে নিহত হয়। এ সময় উত্তেজিত জনতা সুপাইভারজারকে গণধোলাই এবং বাসটি পুড়িয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রকিব শুক্রবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পিয়াজখালি থেকে ফরিদপুরগামি বাসটি (ফরিদপুর ব ৩০৯) তাকে চাপা দেয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জেলার সিরাজগঞ্জ-কাজীপুর সড়কে চিলগাছায় লোকাল (ভাই ভাই পরিবহন ) যাত্রীবাহি বাসের চাপায় মেরাজুল (১০) নামে এক কিশোর ঘটনাস্থলে নিহত হয়। ঘটনার পর উত্তেজিত জনতা কয়েকটি বাস ভাংচুর করে। এরপর সিরাজগঞ্জ-কাজীপুর সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়। নিহত মেরাজুলের বাবার নাম রফিকুল ইসলাম মাস্টার এবং তার বাড়ি চিলগ্রামে।

নোয়াখালী প্রতিনিধি জানান, শুক্রবার দুপুরে চাটখিল-সোনাইমুড়ি সড়কের দিঘিরজান নামক স্থানে যাত্রীবাহি টেম্পু ও ম্যাক্সির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দু জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। নিহতরা হচ্ছে সহিদ (২৫) ও সাহাব উদ্দিন (৩৫)।

এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে জনতা চাটখিল-সোনাইমুড়ি সড়কে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখে। খবর পেয়ে সোনাইমুড়ি থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার তেতুইতলায় এক দুর্ঘটনায় সিএনজি স্কুটার আরোহী ও চালক ঘটনাস্থলে নিহত হয়। আরোহীর নাম নাসিরউদ্দিন এবং চালকের নাম দেলোয়ার হোসেন কাঞ্চন। পুলিশ জানায়, তৃষা পরিবহনের একটি বাস বেপরোয়াভাবে চালিয়ে স্কুটারটিকে সামনে থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটিকে আটক করেছে। তবে চালক পলাতক আছে।

ভোলা প্রতিনিধি জানান, ভোলা-চরফ্যাশন সড়কের বোরহানগঞ্জবাজারে একটি যাত্রীবাহি টেম্পু উল্টে ফকরুল আলম(৩৫) নামে একজন আরোহী ঘটনাস্থলে নিহত হয়। সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে ২০ হাজার টাকার বিনিময়ে মামলা না করার সমঝোতা হয়েছে।