বোমা হামলার মামলায় আসামি দু বছরের শিশু; পিতার কোলে চড়ে আদালতে আত্মসমর্পণ
খুলনা নগরীতে একটি বোমাহামলা মামলায় শনিবার খুলনার একটি আদালতে দু বছর বয়সী শিশু গোলাম রসুল পিতা জোনায়েদ চৌধুরী মিন্টুর কোলে চড়ে আদালতে আসে।
খুলনার সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল এক সমন জারির মাধ্যমে গোলাম রসুলকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেন। শনিবার মামলার শুনানি শেষে শিশু গোলাম রসুলকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৪ সালের ৭ মার্চ রাতে নগরীর শিল্পব্যাংক ভবনের পিছনে চরমপন্থী দলের সাথে পুলিশের গুলি বিনিময় ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ক্রসফায়ারে পড়ে চরমপন্থী দলের দু সদস্য জসিম ও খলিলের মৃত্যু হয়। ওই ঘটনায এসআই শফিকুল আলম বাদি হয়ে ১৪ জনকে আসামি করে খুলনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নগরীর শামসুর রহমান রোডের বাসিন্দা জোনায়েদ চৌধুরী মিন্টুর দু বছরের শিশুপুত্র গোলাম রসুলকে আসামি করা হয়।
