২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পপতি বাবুল হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন

দীর্ঘ ছয় বছর পর রোববার সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের চাচাত ভাই শিল্পপতি ও পোশাক প্রস্তুতকারক ওবায়দুল হক ওরফে বাবুল হত্যা মামলার রায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2005, 07:10 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

দণ্ডপ্রাপ্ত যুবকরা হলো-মিরপুর ও পল্লবী এলাকার বাসিন্দা মো. ফরিদ, মো. ইলিয়াস খান, সাইফুল ইসলাম এবং আব্দুল্লাহ আল-মামুন ওরফে কিরণ।

রোববার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি ৩০২/৩৪ ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আদালত অপর এক আদেশে ওই মামলার আসামি কাজী গোলাম কিবরিয়া, শাহাবুদ্দিন শাহা, শরিফুল ইসলাম, আসাদুর রহমান জাহাঙ্গীর এবং মৃত শহিদুল হক চুন্নুর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করেন।

অন্যদিকে, হাইকোর্ট থেকে স্টে অর্ডার (স্থগিতাদেশ) থাকায় মামলার অপর আসামি বাংলাদেশ জাতীয় পার্টির নেতা নাজিউর রহমান মঞ্জুরকে বাদ দিয়ে অন্য আসামীদের ব্যাপারে মামলার কার্যক্রম চালানো হয়।

মামলার বিবরণে জানা যায়, শিল্পপতি বাবুলকে অজ্ঞাতনামা বন্দুকধারীরা ১৯৯৬ সালের অক্টোবরে পল্লবী থানার ১৫৫ নং অনিক প্লাজার দক্ষিণ পার্শ্বে অনন্যা এ্যাপারেলস’র সামনে রাস্তার ওপর গুলি করে হত্যা করে। পল্লবী থানা পুলিশ এ ব্যাপারে তদন্ত করে ১৯৯৯ সালের জানুয়ারিতে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত আসামীদের বিরুদ্ধে ২০০২ সালের ৬ জুলাই চার্জ গঠন করেন।

মামলার অভিযোগ প্রমাণ করতে বাদী পক্ষ আদালতে ৩১ জন সাক্ষী হাজির করে। ঘটনার পরপরই ওই হত্যা মামলায় ইলিয়াস খান এবং সাইফুল ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় ঢাকা মহানগর হাকিমের কাছে একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে তারা এ মামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।

জাতীয় পার্টির নেতা নাজিউর রহমান মঞ্জুরের বিরুদ্ধে পল্লবী থানা পুলিশ একটি পৃথক চার্জশিট আদালতে প্রদান করে।

এ ব্যাপারে মঞ্জুর হাইকোর্টে একটি খারিজ আবেদন দায়ের করলে হাইকোর্ট তার ব্যাপারে মামলার কার্যক্রম স্থগিত রাখতে নিম্ন আদালতকে নির্দেশ দেন। আদালত মঞ্জুরকে ছাড়াই অন্য আসামিদের বিচার করে এই রায় দেন।