জলপথে দুর্ঘটনা বন্ধে বাস্তব পদক্ষেপ নিতে হবে: গোলটেবিল আলোচনায় বক্তারা
পরিবেশ বাঁচাও আন্দোলন আয়োজিত গোলটেবিল বৈঠকে রোববার বক্তারা জলপথে দুর্ঘটনা বন্ধে বাস্তব পদক্ষেপ গ্রহণ এবং জলপথের বর্তমান অবস্থার উন্নয়ন ত্বরান্বিত করার দাবি জানিয়েছেন।
বক্তারা লঞ্চ দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য কয়েকটি সুপারিশ রেখেছেন।
পরিবেশ বাঁচাও আন্দোলন নামের একটি সেবামূলক সংগঠন জাতীয় প্রেসক্লাবে ‘নিরাপদ নৌ-যোগাযোগ ব্যবস্থায় আমাদের করণীয়’ শীর্ষক এ গোলটেবিলের আয়োজন করে।
বৈঠকে যৌথভাবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শাহরিয়ার ইকবাল এবং আব্দুর রহিম।
পরিবেশ বাঁচাও আন্দোলনের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এএলএম শাহাজাহানের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভপতি গোলাম মো. সিরাজ। বৈঠকটি সমন্বয় করেন পরিবেশ বাঁচাও আন্দোলনের অন্যতম উপদেষ্টা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ।
নৌ-পরিবহন নীতিমালা প্রণয়নে বিলম্বের কথা উল্লেখ করে গোলাম মো. সিরাজ বলেন, ব্যবস্থাপনার অভাব ছাড়া এমনটি হওয়ার আর কোনও কারণ নেই।
লঞ্চ দুর্ঘটনায় উদ্ধার তৎপরতা চলাকালে নৌবাহিনীকে কাজে লাগানো উচিত বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
অন্যান্যের মধ্যে নৌযান মালিক সমিতির ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল, নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আসিকুল আলম বক্তব্য রাখেন।
