নগরীতে ৩টি অস্বাভাবিক মৃত্যু
নগরীতে মঙ্গলবার পৃথক তিনটি ঘটনায় তিনজন নিহত হয়েছে। একজন গৃহবধূ ও গৃহপরিচারিকা আত্মহত্যা করেছে এবং পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বি-ব্লকের ১১৩ নম্বর বাড়ির বাসিন্দা ব্যাবসায়ী কবির হোসেনের স্ত্রী রাশিদা বেগম শবনম (২৫) সোমবার রাতে বিষ পান করে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে মোহাম্মদপুরের চান মিয়া হাউজিং এ ডা. আমানুল্লাহর বাসা থেকে গৃহপরিচারিকা রোখসানার লাশ উদ্ধার করা হয়। পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। কিন্তু তার আত্মহত্যার কারণ এখনও উদ্ধার করা যায়নি।
অন্যদিকে, বেলা ১১টার দিকে ডিএনডি বাঁধের কাছে একটি খালে বন্ধুদের সাথে গোসল করতে গেলে মাদ্রাসা ছাত্র মিনহাজ (১৬) পানি ডুবে মারা যায়। সে শ্যামপুর থানার কোণাপাড়ার বাগিচা রোড এলাকার শাহ আলমের ছেলে।
