২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল সীমান্ত দিয়ে পাচার হচ্ছে হাজার হাজার ব্যারেল জ্বালানী তেল

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্তের চোরাকারবারীদের মধ্যে আইটেম হিসাবে জ্বালানী তেল এখন সবচে’ জনপ্রিয়। তেল পাচার অব্যাহত রাখতে এরা বেশ সংগঠিত। প্রতিনিয়তই তেল পাচারের কৌশল ও পথ পরিবর্তন করা হচ্ছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 10:30 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

বিভিন্ন সূত্রে জানা যায়, বেনাপোল সীমান্তের ওপারে ভারতের জয়ন্তীপুর, বয়রা, পিরোজপুর, বাগদা, আংড়াইল, মতিগঞ্জ ও শুটিয়াসহ বিভিন্ন স্থানে রীতিমতো বাংলা তেলের বাজার গড়ে উঠেছে। এই বাংলা তেল হচ্ছে বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া পেট্রোল, ডিজেল ও অকটেন।

সীমান্ত ঘুরে দেখা গেছে, যশোরে শার্শা উপজেলার ডুপপাড়া সড়ক হয়ে বোয়ালিয়া, ধান্যখোলা, ঘিবা ও রঘুনাথপুর সীমান্ত দিয়ে অবাধে তেল পাচার হচ্ছে। ব্যারেল ও কন্টেইনার ভরে হাজার হাজার লিটার তেল নিয়ে যাওয়া হচ্ছে সীমান্তের দিকে। এসব পাচারকারীদের প্রায় প্রত্যেকের কাছেই রয়েছে একাধিক ইউপি চেয়ারম্যানের দেয়া জ্বালানী তেলের পাস এবং পুলিশের দেয়া টিকিট। তেল বহনকারী একাধিক ভ্যান চালক জানায়, ব্যারেল ও কন্টেইনার প্রতি পুলিশকে ২০ টাকা থেকে ১৩০ টাকা পর্যন্ত দিতে হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আমদানী পণ্য নিয়ে ভারতীয় ট্রাকগুলো যখন বাংলাদেশে প্রবেশ করে তখন তাদের তেলের ট্যাংকার থাকে প্রায় শূন্য। অথচ ফিরে যাওয়ার সময় তারা ট্যাংকার বোঝাই করে তেল নিয়ে যায়। প্রতিদিন আমদানী পণ্য নিয়ে ৩’শ থেকে সাড়ে ৩’শ ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। একটি ভারতীয় ট্রাকের ট্যাংকারে তেল ধরে ২’শ থেকে ২’শ ৫০ লিটার পর্যন্ত। এভাবে তেল পাচারের জন্য বেনাপোল বন্দর ট্রাক টর্মিনালের আশেপাশে গড়ে উঠেছে জ্বালানী তেলের অসংখ্য খোলা আড়ত। এসব আড়তে বিডিআর মাঝে মধ্যে অভিযান চালালেও পুলিশের সহযোগিতায় আবারও পাচার শুরু হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এদিকে বাংলাদেশের গরু ব্যবসায়ীরা জানায়, ঘন ঘন টাকার অবমূল্যায়ন হওয়ায় ভারতীয় গরু ব্যবসায়ীরা এখন আর টাকার বিনিময়ে গরু বিক্রি করতে রাজি হচ্ছে না। গরুর বিনিময়ে এখন তাদেরকে জ্বালানী তেল দিতে হচ্ছে।

তেল পাচার কেন রোধ করা যাচ্ছে না, এ ব্যপারে যশোর বিডিআরের ভারপ্রাপ্ত কমাণ্ডিং অফিসার মেজর সরোয়ার সীমান্তে তাঁর বাহিনীর জনবল প্রয়োজনের তুলনায় কম বলে স্বীকার করে বলেন, দু’দেশের মধ্যে জ্বালানী তেলের দামের বিশাল পার্থক্যই এর সবচে’ বড়

কারণ । তিনি আরও বলেন, তেল পাচার প্রতিরোধে যখনই বিডিআর সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে, সীমান্ত এলাকার কৃষকদের সমস্যার কথা বলে স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের ওপর চাপ প্রয়োগ করেছে। এলাকার কৃষক ও ব্যবসায়ীদের জ্বালানী তেলের পাস দিয়ে থাকে স্থানীয় ইউপি চেয়ারম্যান।

সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা গেছে, সীমান্ত এলাকার ছোট্ট একটি বাজারে প্রায় প্রত্যেক ব্যবসায়ীরই তেলের পাস রয়েছে। কারো কারো কাছে চেয়ারম্যানের দেয়া একাধিক পাস রয়েছে। তেলের মূল্যের বিশাল পার্থক্যের কারণেই তেল পাচারকারীরা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।