গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি শিল্প বিলুপ্তির পথে
আবহমান বাংলার ঐতিহ্য লালিত ঢেঁকি শিল্প আজ প্রায় বিলুপ্তির পথে। ঐতিহ্য বিলুপ্তির এই প্রক্রিয়ায় গাজীপুর ও টঙ্গী এলাকাও বাইরে নয়। এক সময়ে গ্রাম বাংলার প্রায় প্রতিটি বাড়িতে ঢেঁকি ছিল। গ্রামের মহিলারা সংসারের বিভিন্ন কাজ করার পর ঢেঁকিতে ধান থেকে চাল তৈরি করত। ধান ভাঙ্গানো কলের প্রচলনের আগে ঢেঁকি ছিল এদেশের কৃষিজীবি মানুষের অপরিহার্য্য এক উপায় এবং অবলম্বন। একটি ঢেঁকি বংশ পরম্পরায় যুগ যুগ ধরে টিকে থাকত।
ঢেঁকি তৈরির জন্য বাবলা ও কড়ই গাছ আগে থেকেই বাছাই করে রাখত গ্রামের মানুষ। এক সময় গাজীপুর জেলাসহ টঙ্গীর বিভিন্ন হাঁটে ঢেঁকি বিক্রি হত। কেউ কেউ বিভিন্ন রকমের নক্সা একে সৌখিন ঢেঁকি তৈরি করত। যে সকল মিস্ত্রি নকশাওয়ালা শিল্পসম্মত ঢেঁকি তৈরি করতে পারত, তারা শুধু পারিশ্রমিকই পেত না, ক্রেতারা বিভিন্নভাবে তাদেরকে পুরস্কৃতও করত।
নবান্ন উৎসব, বিয়ে বাড়ি ও ঈদ-পার্বণে ঢেঁকি নিয়ে শুরু হতো নানা বয়সী মেয়েদের মহাব্যস্ততা। ঢেঁকির চারপাশে কাদামাটি দিয়ে লেপে রঙ্গিন কাগজে সাজানো হত। ধান ভানার সময় হরেক রকমের গ্রামীণ গীত শোনা যেত তাদের কন্ঠে। বাড়ির অন্যান্য মহিলারা সাহায্য করতে ছুটে আসত ধান ভানার ঢেঁকির শব্দ শুনে।
বর্তমান যান্ত্রিক সভ্যতার বিকাশের সাথে সাথে ঢেঁকির প্রয়োজনিয়তা ফুরিয়ে আসছে। এখন আর আগের মত ঢেঁকিতে ধান ভানা হয় না। গ্রাম-গঞ্জে বসেছে ধান, চাল ও গম ভাঙ্গানোর আধুনিক মেশিন। অল্প খরচে, কম সময়ে এবং খাটনি নেই বলে সবাই মেশিনে ধান, চাল ও গম ভাঙ্গায়। গ্রামের বাড়িগুলোতে ঢেঁকি নিয়ে বৌ-ঝিদের সেই ব্যস্ততা আজ আর চোখে পড়ে না।
কালের আবর্তে হারিয়ে যাচ্ছে জনগণের কাঠের তৈরি ঢেঁকি। কিন্তু তারপরও ঢেঁকির প্রতি রয়েছে গ্রামীণ মানুষের অদম্য ভালবাসা ও আকর্ষন। এখনও মানুষ হাট-বাজারে গিয়ে ঢেঁকি ছাটা চালের সন্ধান করে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখনও কোনও কোনও বাড়িতে ঢেঁকি দেখা যায়।
যে সমস্ত বাড়িতে এখনও ঢেঁকি আছে, সেখানে অনেকেই চাল, আটা, মরিচ ও হলুদ গুড়ো করতে আসে। অনেকেই আবার ঢেঁকির ছবি তুলে সংগ্রহ করে রাখছেন বংশধরদের দেখানোর জন্য।
গ্রামীণ ঐতিহ্যে লালিত ঢেঁকি শিল্প আজ প্রায় অচল। একদিন হয়তো গ্রাম-গঞ্জে খুঁজে একটি ঢেঁকিও পাওয়া যাবে না। শুধু গল্প শোনা যাবে নানী-দাদীর মুখে।
