নরসিংদী-১ উপনির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রার্থীদের সাক্ষাতকার অনুষ্ঠিত
বিএনপি’র সংসদীয় বোর্ড বৃহস্পতিবার নরসিংদী-১ আসনের উপনির্বাচনে বিএনপি থেকে নির্বাচন করতে ইচ্ছুক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেছে।
তবে বোর্ড মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম ঘোষণা করেনি। আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে কী না তা জানার পর তারা তাদের প্রার্থীর নাম ঘোঘণা করবেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।
আওয়ামী লীগ অ্যাডভোকেট আসাদুজ্জামানকে সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচিত করলেও তারা নির্বাচনে অংশ নিবে কী না তা এখনও চূড়ান্ত করেনি।
সরকার একতরফাভাবে বিচারপতি এমএ আজিজকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিয়োগ করায় আওয়ামী লীগ তাদের অবস্থান থেকে সরে এসেছে।
ইতোমধ্যে তারা নতুন সিইসি নিয়োগ প্রত্যাখ্যান করেছে এবং এই সিইসি’র অধীনে তারা নির্বাচনে অংশ নেবে না বলে হুমকি দিয়েছে।
মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ সময় আগামী ২৮ মে।
স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বিডিনিউজকে বলেন, আমরা উপনির্বাচনে যোগ্য ও দক্ষ প্রার্থী নির্বাচনের জন্য নির্বাচন করতে ইচ্ছুক সকল প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছি।
তিনি আরও বলেন, শুক্রবার আমরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করবো। তবে বৈঠকের ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে তিনি রাজি হননি।
বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন দলের সিনিয়র সদস্য এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়া, অলি আহমেদ, খন্দকার দেলোয়ার হোসেন, ড. এআর গণি, আব্দুল মতিন চৌধুরী, চৈৗধুরী তানভির আহমেদ সিদ্দিকী, ব্যারিস্টার মওদুদ আহমেদ, কেএম ওবায়েদুর রহমান ও খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ প্রমুখ।
বৈঠকে নতুন সিইসি নিয়োগ নিয়েও আলোচনা করা হয় এবং তার নিয়োগের পক্ষে বলা হয়, বিচারপতি এমএ আজিজ একজন নিরপেক্ষ ব্যক্তি হিসেবে পরবর্তী সাধারণ নির্বাচনসহ সকল নির্বাচন পরিচালনা করতে পারবেন।
তারা আশা প্রকাশ করেন প্রধান বিরোধী দল আওয়ামী লীগ নতুন সিইসিকে মেনে নিয়ে উপ নির্বাচনে অংশ নেবে।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
অন্যদিকে, প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে দলের উচ্চ পর্যায়ের নেতাদের কাছে তদবিরে ব্যস্ত রয়েছে।
দলীয় মনোনয়ন পেতে সমর্থন আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার রাতে কয়েকজন প্রার্থীকে বিভিন্ন মন্ত্রীর বাড়ি যেতেও দেখা যায়।
এর আগে উপ নির্বাচনের টিকিট পেতে ক্ষমতাসীন বিএনপি’র ১৩ নেতা মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেন সাবেক ডাকসু সাধারণ সম্পাদক খায়রুল কবির খোকন, মিয়া মোহাম্মদ সেলিম, ওবায়দুর রহমান, আফজাল মোল্লা, হারুন-অর-রশীদ, শাহানশাহ খন্দকার সোহেল, এমএ জলিল, মেসবাহ উদ্দিন ভুইয়া, এডভোকেট সানাউল্লাহ মিয়া, বিজে রশিদ নওশের, মঞ্জুর এলাহী, শহিদ উল্লাহ ভুইয়া এবং শিরিন সুলতানা।
