হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি, পিপি ও শোয়েব চৌধুরীর ক্ষমা প্রার্থনা
আদালত অবমাননার দায়ে ঢাকা মেট্রোপলিটনের অতিরিক্ত বিচারপতি শামসুল আলম খান, আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ মাহমুদ হাসান এবং রাষ্ট্রদ্রোহী মামলার আসামী সালাউদ্দিন শোয়েব চৌধুরী মঙ্গলবার হাইকোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।
বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এমদাদুল হক আজাদ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ তাদেরকে লিখিতভাবে ক্ষমা প্রার্থনার নির্দেশ দেন। আদালত আগামী ২০ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
জামিনের ব্যাপারে হাইকোর্টের রুল থাকা সত্ত্বেও অতিরিক্ত মহানগর দায়রা জজ সালাউদ্দিন শোয়েবকে জামিন দেওয়ার কারণে হাইকোর্ট গত ১৬ মে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে সুয়োমোটো রুল জারি করেন।
২০০৩ সালের ২৯ নভেম্বর জিয়া আর্ন্তজাতিক এয়ারপোর্টে শোয়েব চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এরপর ২০০৪ সালের ২৪ জানুয়ারি তার বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করা হয়।
জামিন চেয়ে এ বছরের ১৪ মার্চ শোয়েব চৌধুরী অতিরিক্তি মহানগর দায়রা জজের আদালতে একটি আবেদন দায়ের করেন। জজের আদালত সেই আবেদন প্রত্যাখান করে।
গত ২৮ মার্চ, তিনি আবার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এমদাদুল হক আজাদ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ জামিনের বিষয়ে সরকারের ওপর একটি রুল জারি করেছিল।
এ ধরনের পরিস্থিতিতে অতিরিক্ত মহানগর দায়রা জজ শামসুল আলম খান তার জামিন আবেদন মঞ্জুর করেন। শুনানির সময় পিপি জামিনের বিরোধিতা করেননি বলে পত্রিকায় খবর প্রকাশিত হয়েছিলো।
