ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অদক্ষ চালকের কারণে দিন দিন বেড়ে চলছে সড়ক দূর্ঘটনা
বাস চালক ও হেলপারদের অসতর্কতা ও যথাযথ প্রশিক্ষণের অভাবে বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কটি দিন দিন যাত্রীদের মরণফাঁদে পরিণত হচ্ছে।
পুলিশ, বিআরটিএ, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি সূত্র জানায়, ১৯৯৮ সালের ২৩ জুন বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর এ পর্যন্ত ৭৩২টি সড়ক দূর্ঘটনায় মোট নিহত হয়েছে ৯৬৬ জন ও আহত হয়েছে ৩,৬৩০ জন। এছাড়া ১৯৮৩ সালের মটরযান আইন সময়োপযোগী না করার কারণে সড়কপথে আইন লঙ্ঘনের ঘটনা বাড়ছে।
এ সেতু চালু হওয়ার পর থেকে উত্তরাঞ্চলের ১৬টি জেলার ৯২ টি রুটে প্রতিদিন প্রায় চার থেকে পাঁচ হাজার বাস, ট্রাক, মিনিবাসসহ অন্যান্য ইঞ্জিন চালিত যানবাহন চলাচল করে। চালকদের অসতর্কতা, অদক্ষতা ও মাদকাসক্তি, ওভারটেকিং প্রতিযোগিতা ও ত্রুটিপূর্ণ যানবাহনের কারণে দূর্ঘটনার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
১৯৮৮ সালে এরশাদ শাসনামলে মটরযান আইন আধুনিকায়ন করা হয়েছিল, কিন্তু শ্রমিক সংগঠনগুলোর চাপে আইন সংশোধনীতে অত্যন্ত নমনীয় ও নূন্যতম শাস্তির বিধান রাখা হয়। ফলে এ আইন তেমন কোনও ফল দিচ্ছেনা।
এ ব্যাপারে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’র (বিআরটিএ) টাঙ্গাইলের ইন্সপেক্টর গোলাম সরোয়ার জানান, অতিদ্রুত গাড়ি চালনার কারণে ৫০ ভাগ দূর্ঘটনা ঘটে। পূর্বের ফিটনেস অপেক্ষা বর্তমান ফিটনেস দূর্বল হওয়ায় দূর্ঘটনা বেড়েই চলছে। এছাড়া বিআরটিএ অনেক অদক্ষ চালককে লাইসেন্স দেয়ায় আইন-কানুন লঙ্ঘিত হচ্ছে।
টাঙ্গাইল জেলা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক বলেন, দেশে গাড়ী চালকদের প্রশিক্ষণের জন্য একটি মাত্র সরকারী প্রশিক্ষণ কেন্দ্র ছাড়া অন্য কোনও প্রতিষ্ঠান নেই। দেখা যায় এ পেশার অধিকাংশই হেলপার থেকে ড্রাইভার হয় ফলে যানবাহন পরিচালনা ও ট্রাফিক আইন সম্পর্কে তাদের মধ্যে সঠিক জ্ঞানের অভাব থেকেই যায়।
বিভিন্ন মালিক সমিতির সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, চালকদের সচেতন করার ব্যাপারে প্রশিক্ষণ এবং গাড়ীর গতিসীমা নির্ধারণ সীল ব্যবহার হলে দূর্ঘটনার হার কমবে।
