লঞ্চ দুর্ঘটনার ওপর সংসদে আলোচনার দাবি জানিয়েছেন ড. কামাল
একের পর এক লঞ্চ দুর্ঘটনার জন্য দায়ী ব্যাক্তিদের শাস্তির দাবিতে জাতীয় সংসদে আলোচনা এবং সংশ্লিষ্ট মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন প্রখ্যাত আইনজীবি এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। এছাড়াও আসন্ন বাজেটে উদ্ধারকারী যন্ত্রপাতির জন্য পর্যাপ্ত অথ্য বরাদ্দেরও দাবি জানিয়েছেন তিনি।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ড. কামাল এই দাবি জানান। সম্মেলনে গণফোরাম সভাপতি আরিচায় সাম্প্রতিক লঞ্চ দুর্ঘটনাস্থল পরিদর্শনে তার অভিজ্ঞতা বর্ননা করেন। এই লঞ্চ দুর্ঘটনায় অন্তত ২০০ লোকের সলিল সমাধি ঘটে।
সংবাদ সম্মেলনে ড. কামাল বলেন, আমি সব লঞ্চ দুর্ঘটনাসহ স্পেকট্রাম গার্মেন্টস দুর্ঘটনার প্রতিবেদন নিয়ে সংসদীয় আলোচনার দাবি জানাচ্ছি। তিনি বলেন, বর্তমানে যে ধরনের উদ্ধার কারী যন্ত্রপাতি রয়েছে সেগুলো বহু বছরের পুরনো, তাই আধুনিক যন্ত্রপাতি সংগ্রহের জন্য আসন্ন বাজেটে পর্যাপ্ত বরাদ্দ থাকা উচিত।
কয়েকটি দৈনিকে আরিচায় দুর্ঘটনা কবলিত এমভি রায়পুরার হতভাগ্য কয়েক যাত্রীর লাশ কুকুরে খাওয়ার সংবাদ প্রচারের প্রতি দৃষ্টি আকর্ষন করে ড. কামাল বলেন, এটা জাতি এবং মানবতার জন্য চরম লজ্জাজনক একটি ব্যাপার।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট জহিরুল ইসলাম, সাইফুদ্দিন আহমেদ মানিক প্রমুখ।
