হাতিয়ায় ছাত্রদল নেতাকর্মীদের হাতে প্রকৌশলী লাঞ্ছিত
নোয়াখালীর হাতিয়া উপজেলার বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী আব্দুল জব্বার মৃধা ছাত্রদল নেতাকর্মীদের হাতে লাঞ্চিত হয়েছেন। অবৈধ বিদ্যুৎ সংযোগ দিতে প্রকৌশলী অস্বীকৃতি জানালে রোববার রাত ১০টার দিকে ছাত্রদল নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়।
বিদ্যুৎ বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলা ছাত্রদল সভাপতি আমির হোসেনের নেতৃত্বে একদল ছাত্রদল নেতাকর্মী প্রকৌশলীর কাছে বিদ্যুতের নতুন সংযোগ দাবি করে। কিন্তু তিনি সংযোগ দিতে অস্বীকৃতি জানালে ছাত্রদল নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়। এসময় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে জেলা বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে। শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সদরুল আলম সাংবাদিকদের জানান, তারা ঘটনাটি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিদ্যুৎ বিভাগের কুমিল্লা জোনের প্রধান প্রকৌশলীকে অবহিত করেছেন।
