দখলদারদের কবলে চৌমুহনীর খালগুলো
ভূমিগ্রাসীদের দখলে চলে গেছে নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীর বহমান খালগুলো। এর বিরুপ প্রভাব পড়ছে বৃহত্তর নোয়াখালীর কৃষি, ব্যাবসা-বাণিজ্য, পরিবেশ-প্রতিবেশ ও জনজীবনের ওপর।
এক সময়ের খরস্রোতা চৌমুহনী-ছাতারপাইয়া খাল, চৌমুহনী-ফেনী খাল ও চৌমুহনী-আটিয়াবাড়ি খালের উভয় পাড়ের প্রায় ৬০ ভাগ জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মানের ফলে খালগুলো এখন মৃত প্রায়। এর পাশাপাশি পৌর এলাকার বর্জ্য ফেলায় পানি নিষ্কাষন পথও গেছে বন্ধ হয়ে।
এক সময় যে খালগুলো দিয়ে চৌমুহনীর সাথে চাঁদপুর, ভৈরব, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন নৌ বন্দরে পণ্য পরিবহন হতো, এখন সে পথে একটি ছোট নৌকাও চলে না। গত বছর বন্যার পানি নামতে না পারায় বেগমগঞ্জে জলাবদ্ধতায় প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
নব্বইয়ের দশক থেকে খাল দখল শুরু হয়। অধিকাংশ খালই দখল হয় রাজনৈতিক ছত্রছায়ায়। এ দখল প্রক্রিয়ায় প্রভাবশালীদের পাশাপাশি পৌরসভার কমিশনাররাও জড়িত। দখলদারদের দাপটে চৌমুহনীর ছয়টি ঘাট এখন সম্পুর্ন বন্ধ। নোয়াখালীরও একই অবস্থা।
গত বছর প্রশাসনের পক্ষ থেকে চৌমুহনী কলেজের সামনে থেকে মহেশগঞ্জ বাজার পর্যন্ত প্রায় ৬০ টি ঘর উচ্ছেদ করার পর কিছু দিন না যেতেই তারা আগের চেয়ে মজবুত করে ঘর তোলে। উপজেলা প্রশাসন সুত্র জানায়, প্রনরায় ঘর তোলার জন্য ৩৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং দখলদাররা উচ্চ আদালতের শরনাপন্ন হয়েছে।
বিভিন্ন সময়ে চৌমুহনীতে খাল দখলমুক্ত করতে সরকারি নির্দেশ দেয়া হলেও তা কখনোই কার্যকর হয়নি। এ খালগুলো সংস্কার ও দখলমুক্ত না হওয়ায় প্রতিবছর নোয়াখালীতে জলাবদ্ধতার কারণে কৃত্রিম বন্যা সৃষ্টি হয়ে ব্যাবসায়িদের এবং চাষীদের ফসলহানি ঘটায়। চৌমুহনীর পৌরসভার চেয়ারম্যান এডভোকেট আব্দুর রহিম পৌর এলাকার খালগুলোকে অবৈধ দখলমুক্ত করতে প্রশাসন, রাজনৈতিক দল, জন প্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ গ্রহনের ওপর জোর দেন।
