নির্বাচন কমিশন সংস্কারে এমএ সাঈদের নতুন একটি গোপন দফাসহ ৬ দফা প্রস্তাবনা পেশ
অবসর গ্রহণের আগের দিন শনিবার প্রধান নির্বাচন কমিশনার এমএ সাঈদ রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ করে নির্বাচন কমিশন সংস্কারে ছয় দফা প্রস্তাবনা পেশ করেছেন। এর আগে নির্বাচন কমিশনার জনসমক্ষে ৫ দফা প্রস্তাবের কথা জানালেও একটি দফা অপ্রকাশিত রেখেছিলেন।
প্রস্তাবনার পূর্ব প্রকাশিত পাঁচটি দফা হল: ইলেকট্রনিক ভোটিং মেশিনের প্রবর্তন, ইলেকট্রনিক ভোটিং পদ্ধতির আইনগত বৈধতা, ইলেকটোরাল তদন্ত কমিটির আইনগত বৈধতা প্রদান, নির্বাচন কমিশনের আওতায় একটি সচিবালয় গঠন এবং নির্বাচন কমিশনে বিসিএস (নির্বাচন) ক্যাডার নিয়োগ।
নির্বাচন কমিশনার মুন্সেফ আলী বলেন, প্রস্তাবনাগুলো অন্য কমিশনাররা আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেননি।
মুন্সেফ আলী সংস্কার প্রস্তাবের ব্যাপারে জানালেও নতুন একটি প্রস্তাবের ব্যাপারে কিছু বলেননি।
তিনি বলেন, আমি শুধু বলতে পারি প্রস্তাবনায় নতুন একটি পয়েন্ট যোগ হয়েছে। কিন্তু আমি আপনাদের বলতে পারব না সেটা কি।
এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে শনিবার দুপুর আড়াইটায় সাংবদিকদের একটি নির্ধারিত বৈঠক থাকলেও তিনি তা এড়িয়ে যান।
প্রধান নির্বাচন কমিশনারের ব্যক্তিগত সহকারী মঈনুদ্দিন খান অপেক্ষমান সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতির সাথে বৈঠকের পর স্যার (সিইসি) বাসায় পৌঁছে বলেন তিনি খুব অসুস্থ বোধ করছেন এবং এ কারণে তিনি সাংবাদিকদের সাথে আলাপ করতে পারবেন না।
শনিবার প্রধান নির্বাচন কমিশনার তার শেষ কর্মদিবসে সকাল সাড়ে আটটায় অফিসে পৌঁছান এবং সকল কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
দীর্ঘ পাঁচ বছর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে ২২ মে (রোববার) অবসর নেবেন। রোববার বৌদ্ধ পূর্ণিমার ছুটি থাকায় শনিবারই ছিল তার শেষ অফিস।
সাবেক আওয়ামী লীগ সরকার ২০০০ সালের ২৩ মে তাকে নিয়োগ দেয়।
সাংবাদিকদের সাথে সাক্ষাৎ না করলেও তিনি একটি লিখিত বিবৃতিতে বলেন, নির্বাচন কমিশনের সংস্কার সকল রাজনৈতিক দলের সম্মতিতে করা উচিত।
সিনিয়র নির্বাচন কমিশনার শফিউর রহমান ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন।
