২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতা নূর মোহাম্মদ হত্যা মামলায় ৪ জনের ফাঁসির আদেশ

রাজধানীর শ্যামপুরের আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ খান হত্যা মামলায় আদালত চারজনের ফাঁসির আদেশ প্রদান করেছেন। শনিবার ঢাকার ৪ নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন। মামলার অপর সাত আসামীকে খালাস দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 04:31 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

মামলার বিবরণে বলা হয়, ২০০১ সালের ১৫ আগস্ট নূর মোহাম্মদ খান মিলাদ মাহফিল থেকে বাসায় ফেরার পথে বি/৩ আরসিন গেটে নিজ বাসার সামনে পৌঁছা মাত্র আসামীরা তাকে উপুর্যুপরি গুলি করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি হামলাকারীদের নাম বলে যান।

ঘটনার পর নিহতের ছেলে নুরুল আলম সুমন বাদি হয়ে নয় জন আসামীর নাম উল্লেখ করে ও পাঁচ/ছয় জন অজ্ঞাতনামা উল্লেখ করে শ্যামপুর থানায় মামলা দায়ের করেন।

২০০৩ সালের ৮ নভেম্বর মামলার চার্জ গঠনের পর ১৩ জনের সাক্ষ্য নেওয়া হয়। সকল সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক এআর মাছউদ অভিযুক্ত তপন, রাঙ্গা, মোবারক ও সুমনের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেন। এছাড়া অপর সাত আসামী রতন, কুদ্দুস, লাল মিয়া, মিরাজ, সিরাজ, কাজল, আকবর মীরের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ না থাকায় তাদের খালাস প্রদান করেন।

আসামী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট টিএম আকবর, সানাউল্লা মিয়া, সৈয়দ আমজাদ হোসেন ও সানোয়ার হোসেন এবং রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর আমিনুল ইসলাম।