২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় সন্ত্রাসীরা বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। পুলিশ শনিবার ভোরে শহরের আড়ুয়াপাড়া এলাকা থেকে ওই যুবকের খণ্ডিত লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 03:45 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

নিহত যুবকের নাম আব্দুর রাজ্জাক ওরফে হুজুর আলী (২২)।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, আড়ুয়াপাড়া ২নং মসজিদ বাড়ি লেনের চাঁদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক শুক্রবার রাত ১০টায় খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে টেলিভিশন দেখার সময় তার এক বন্ধু ও অপরিচিত এক ব্যক্তি এসে জরুরি কাজের কথা বলে বাইরে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি।

শনিবার ভোরে স্থানীয় নৈশপ্রহরী আড়ুয়াপাড়ার মদন পালের পুকুর পাড়ের খেজুর গাছের নিচে রাজ্জাকের খণ্ডিত লাশ পড়ে থাকতে দেখে তার পরিবার ও পুলিশকে খবর দেয়।

নিহতের পরিবারের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বন্ধু মুন্নাকে গ্রেফতার করে।

পুলিশ এখনও হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার করতে পারেনি।