২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে আওয়ামী লীগ নেতাকর্মী ও সাংবাদিকদের ওপর লাঠিচার্জ, আহত ৩০

রাজধানীতে শনিবার হরতালের সকালে পুলিশ আওয়ামী লীগ নেতাকর্মী ও সাংবাদিকদের ওপর বেধড়ক লাঠিচার্জ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 11:39 AM

Updated : 26 Apr 2022, 05:41 PM

প্রত্যক্ষদর্শী জানায়, হরতালের সমর্থনে আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয় থেকে মিছিল বের করলে পুলিশ মিছিলে বাধা দেয়। নেতাকর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশ আওয়ামী লীগ নেতাকর্মী ও কর্তব্যরত সাংবাদিকদের ওপর লাঠিচার্জ করে।

পুলিশের লাঠিচার্জে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, নগর আওয়ামী লীগ নেতা এসএম আব্দুল হক, এনটিভির ক্যামেরাম্যান ফজলুর রহমান, ভোরের কাগজের ফটো সাংবাদিক রাজা, সংবাদের স্টাফ রিপোর্টার আজমল হক হেলালসহ কমপক্ষে ৩০ জন আহত হয়।

আহতদের মধ্যে আওয়ামী লীগ নেতা এসএম আব্দুল হককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ সময় এনটিভি, এনটিএন বাংলার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযোগ, পুলিশ দলীয় কার্যালয়ে ঢুকে তাদের ওপর লাঠিচার্জ করেছে।

এছাড়া সকালে ধানমণ্ডির রাসেল স্কোয়ার চত্বর এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ নাসিমের নেতৃত্বে আওয়ামী লীগের আরেকটি খণ্ড মিছিল বের করলে পুলিশ এতে লাঠিচার্জ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল বের করে। হরতাল চলাকালে ঢাকায় সাড়ে তিনহাজার পুলিশ ও বিডিআর মোতায়েন করা হয়। নগরীর প্রধান সড়কগুলোতে বিডিআর টহল রয়েছে। ঢাকার বাইরে থেকে এখনো কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

হরতালের কারণে দেশের সকল শিক্ষা বোর্ডের এইচএসসি ও আলিম, ফাজিল, কামিল এবং কারিগরি শিক্ষাবোর্ডের সকল পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ও দোকান পাঠ বন্ধ রয়েছে।

গত মঙ্গলবার ঢাকা মহানগর আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম বাচ্চু হত্যার প্রতিবাদে আওয়ামী লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দল শনিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।