হয়রানির শিকার সাংবাদিকদের সহায়তা দেবে বিসিডিজেসি
বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট, জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন (বিসিডিজেসি) ডেনিশ দূতাবাসের সহায়তায় হয়রানির শিকার সাংবাদিকদের জন্য একটি হেল্পলাইন চালু করেছে।
বিসিডিজেসি’র এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংবাদিকদের প্রয়োজনে শর্তসাপেক্ষে বিসিডিজেসি জরুরি ব্যবস্থা, চিকিৎসা, পুনর্বাসন ও আইনি সহায়তা প্রদান করবে। তবে, সহায়তা প্রার্থী সাংবাদিকদের স্থানীয়, আঞ্চলিক, জাতীয় বা আন্তর্জাতিক মাধ্যমে কর্মরত থাকতে হবে।
সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, আন্ডারওয়ার্ল্ডের কোনও ডন বা মাফিয়া এবং কোনও অপরাধ সংঘটনকারী কর্তৃক রিপোর্ট, আর্টিকেল, সম্পাদকীয়, কলাম, ছবি অথবা অনুসন্ধানি প্রতিবেদন, কেস স্টাডি বা মুক্ত সাংবাদিকতা পরিপন্থী অন্য কোনও সংবাদভিত্তিক কর্মে বাধার সম্মুখীন হলে বা হয়রানি, ক্ষতি, বিপদের শিকার বা হুমকি এলে পুরুষ বা মহিলা সাংবাদিকরা এ সহায়তা পাবেন।
হয়রানির শিকার সাংবাদিক নিজে কিংবা তার পরিবারের সদস্যদের কেউ অথবা তার ওপর নির্ভরশীল কেউ এ সহায়তার জন্য আবেদন করতে পারবেন।
