২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি গাড়ি সিএনজিতে রূপান্তরের সময়সীমা বাড়ছে

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সকল সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান এবং সরকারি মালিকানাধীন কোম্পানির যানবাহন সিএনজিতে রূপান্তরের চূড়ান্ত সময় নির্ধারিত হচ্ছে। এই লক্ষ্যে শিগগিরই অর্থ মন্ত্রণালয় একটি আদেশ জারি করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2005, 04:32 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

এপ্রিল মাসে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান ঘোষনা করেছিলেন আগামী সেপ্টেম্বরের মধ্যে সরকারি পেট্রোল ও অকটেন চালিত যানবাহন সিএনজিতে রূপান্তরে ব্যর্থ হলে তাদের আর জ্বালানি তেলের পয়সা দেওয়া হবে না।

এই লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় একটি আদেশও জারি করে। এতে বলা হয়, সিএনজি রূপান্তরের জন্য প্রয়োজনীয় অর্থের যোগান দেওয়া হবে। তবে এই গাড়িগুলো সরকারের রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিঃ (আরপিজিসিএল) এর ওয়ার্কশপ থেকে রূপান্তর করাতে হবে।

পরে জ্বালানি মন্ত্রণালয় বিবেচনা করে দেখেছে, কেবলমাত্র আরপিজিসিএল এর পক্ষে সেপ্টেম্ব^র মাসের মধ্যে সকল সরকারি গাড়ি সিএনজিতে রূপান্তর করা সম্ভব নয়। অন্যদিকে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স এসোসিয়েশনের পক্ষ থেকে সরকারি এবং আধা সরকারি গাড়ি রূপান্তরে আরপিজিসিএল এর পাশাপাশি তাদেরকেও সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়।

সার্বিক বিষয় বিবেচনা করে জ্বালানি মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়কে সরকারি, আধা সরকারি এবং সরকারি কোম্পানির গাড়ি রূপান্তরের জন্য ডিসেম্বর পর্যন্ত সময় দিয়ে নতুন সার্কলার জারির অনুরোধ জানায়। একই সাথে সরকার অনুমোদিত যে কোনো ওয়ার্কশপ থেকে গাড়ি রূপান্তরের সুযোগ দেয়ারও প্রস্তাব করা হয়।

জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন বিডিনিউজকে বলেন, এটাই চূড়ান্ত সময়সীমা। এর পর কোনো সরকারি, আধা সরকারি এবং সরকারি কোম্পানির গাড়ি জ্বালানি তেলে চলার জন্য অর্থ বরাদ্দ পাবে না।

বর্তমানে সরকারি ও বেসরকারি মিলে ৩৫ হাজার গাড়ি সিএনজিতে চলছে। এতে বার্ষিক জ্বালানি তেল আমদানিতে সাশ্রয় হচ্ছে ২৫০ কোটি টাকা।