২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি বিনিয়োগের জন্য সরকার ও বিরোধী দলের ঐকমত্যের প্রয়োজন: রিয়াজ রহমান

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা রিয়াজ রহমান বলেছেন, সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে সরকার ও বিরোধী দলের মধ্যে ঐকমত্যের প্রয়োজন রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2005, 03:35 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

প্রধানমন্ত্রীর ভিয়েতনাম সফরের সম্পর্কে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বিগত ৩০ বছরে বাংলাদেশের তুলনায় ভিয়েতনামে বিদেশি বিনিয়োগের (এফডিআই) প্রবাহ সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বিরোধী দল বিভিন্ন ইস্যু নিয়ে সংসদে আলোচনা করবে, এটা আমরা সবসময় অনুভব করেছি।

প্রধানমন্ত্রীর তিন দিনের ভিয়েতনাম সফরে দু’দেশ আগামী ২০০৮ সালের মধ্যে এক’শ মিলিয়ন মার্কিন ডলারের একটি দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

বুধবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভিয়েতনামী প্রধানমন্ত্রী ফন ভ্যান কাইয়ের সাথে তার সরকারি কার্যালয়ে এক আলোচনায় শিগগিরই দু’ দেশের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে সরাসরি লেনদেনের ব্যাপারে একটি চুক্তি সম্পাদনের বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন।

দ্বিপাক্ষিক আলোচনায় ওষুধ, পোশাকশিল্প, পাট, চামড়া, সিমেন্ট, কৃষি উপকরণ ও কাঠের তৈরি আসবাবপত্রসহ বাণিজ্য বৃদ্ধির জন্য বিশেষ খাতগুলো চিহ্নিত করেছে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন জানান, ভিয়েতনামের পররাষ্ট্র সচিবের সাথে তার আলোচনা হয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে দু’ দেশের প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের ব্যাপারে আবার তারা আলোচনায় বসবেন।

প্রধানমন্ত্রীর ভিয়েতনাম সফরে বাণিজ্যিক প্রতিনিধি দলের নেতা বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি এমএ আওয়ালও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।