বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে ৩০ জন আহত
মুন্সীগঞ্জ সদর ঊপজেলার চরবেওয়ার এলাকায় ক্ষমতাসীন বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলার সময় পাঁচটি বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।
এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সদর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় প্রতিপক্ষের লোককে পুলিশে ধরিয়ে দেয়ার ঘটনাকে ঘিরে স্থানীয় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান হাকিম মিজি গ্রুপের সঙ্গে বিএনপি নেতা ওবায়দুর ফকির গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষ পরে গোটা এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন ভয়ে পার্শ্ববর্তী এলাকায় আশ্রয় নেয়।
সংঘর্ষের সময় ইট-পাটকেল, গুলি ও ধারাল অস্ত্রের আঘাতে বহু লোক আহত হয়। আহতদের বিভিন্ন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স/ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
