ইলেক্ট্রনিক মিডিয়ায় নারীদের সৃজনশীলভাবে উপস্থাপন করা হচ্ছেনা
মহিলা পরিষদের এক সভায় বক্তারা অভিযোগ করেন ইলেক্ট্রনিক মিডিয়ায় নারীদেরকে উন্নয়নমূলক ও সৃজনশীলভাবে উপস্থাপন করা হচ্ছেনা। সিরডাপ মিলনায়তনে বৃহস্পতিবার এই মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদের প্রচার ও গণমাধ্যম উপ-পরিষদ কেন্দ্রীয় কমিটি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভানেত্রী হেনা দাস।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষিকা গীতি আরা নাসরিনের সহযোগিতায় এই বিষয়ের জন্য কাজ করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্স বর্ষের শিক্ষার্থী নাসরীন বেগম, সালমা আহমেদ, সাবিহা ওয়াহিদা শারমীন, সাঈদা যোহরা শাম্মী।
তারা অভিযোগ করে বলেন, গণমাধ্যমে প্রচারিত অনুষ্ঠানমালার মধ্যে সময়সূচীর একটা বিশাল অংশ জুড়ে থাকে সংবাদ। এই সংবাদ ছাড়াও বিভিন অনুষ্ঠানমালায় নারীদেরকে তাদের উপযুক্ত অবস্থ্ানে দেখানো হয়না বরং তাদেরকে পণ্য হিসেবে তুলে ধরা হয়। শিক্ষার্থীরা তাদের গবেষণায় সংবাদের সাথে নারীর সংশ্লিষ্টতাও তুলে ধরেন।
সংবাদ প্রকাশের মোট সময়ের কতভাগ নারী বিষয়ক সংবাদ প্রচারিত হয়, অন্যান্য সংবাদের ফুটেজ হিসেবে কতবার নারীমুখ দেখা যায় সেদিকগুলো উপস্থাপন করেন এবং সংবাদের দর্শক হিসেবে নারীকে কিভাবে তুলে ধরা হয় তা উল্লেখ করেন।
বিভিন্ন চ্যানেলে প্রচারিত অনুষ্ঠানমালায় কিভাবে নারীকে অসহায় চরিত্র হিসেবে উপস্থাপন করা হয়, তাদের সৃজনশীলতার অংশকে গণ্য না করে বরং ভোগ্য পণ্য হিসেবে তুলে ধরার যে চর্চা রয়ে তা গবেষণায় উল্লেখ করা হয়।
এতে বলা হয়, ইলেক্ট্রনিক মিডিয়ায় নারীদের নিয়ে সংবাদ প্রচারের হার কম কারন মনে করা হয় নারীরা সংবাদ দেখেনা বা তাদের নিয়ে কোন ঘটনা সংবাদ হওয়াও যোগ্য নয়।
মতবিনিময় সভায় বিটিভি‘র পরিচালক আলী ইমাম বলেন, টেলিভিশন হচ্ছে ইডিয়টস্ বক্স। তিনি বলেন, আমাদের দেশের ইলেক্ট্রনিক মিডিয়ার কাছে কোন কিছু আশা করা যায়না। এখানে জ্ঞান ও রুচির পরিচয় পাওয়া যায়না। টেলিভিশন কোন মননশীলতার পরিচয় বহন করেনা।
তবে তিনি আশাপ্রকাশ করে বলেন, এদেশের ইলেক্ট্রনিক মিডিয়ার নারী রিপোর্টাররা অংশগ্রহণ করছে ও সাহসিকতার পরিচয় দিচ্ছে। এই মিডিয়ার জন্যই দেশে প্রসূতি মৃত্যুর হার কমছে। পোলিও ফ্রি বাংলাদেশ বলা সম্ভব হচ্ছে।
তিনি বলেন, মিডিয়া নারীদের পণ্যে পরিনত করছে। তাই এই অবস্থা থেকে বেরিয়ে আসতে নারীদের এগিয়ে আসতে হবে।
গীতি আরা নাসরিন বলেন, ইলেক্ট্রনিক মিডিয়ার মধ্যে রেডিও যতটা গুওুত্ব রাখতে পারতো ততটা পারছেনা। তিনি বলেন, দেশের টেলিযোগাযোগ নীতিতে উল্লেখ আছে এই যোগাযোগ বাহিত হবে মানুষের কল্যান ও আকাঙ্খার সাথে মিল রেখে। শিশুদের সামাজিকীকরণ প্রক্রিয়ায়ও এই মিডিয়া বিশাল ভূমিকা রাখে। তাই শিশুদের সামনে নারীদেরকে এমনভাবে উপস্থাপন করা ঠিকনা যাতে তারা নারীদের শুধু সহযোগী পণ্য হিসেবে ভাবে।
