২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাঞ্চলে কালবৈশাখী দুর্গতদের জন্য সাড়ে চার লাখ টাকা ও ১৭০ টন চাল বরাদ্দ

সরকার সম্প্রতি কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত নাটোর, রাজশাহী ও নওগাঁ জেলার দুর্গতদের মধ্যে ত্রাণ হিসাবে বিতরণের জন্য সাড়ে চার লাখ টাকা, ১৭০ টন চাল ও ৭০০ টিন বিস্কুট বরাদ্দ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 08:08 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

এর মধ্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় রাজশাহী জেলার জন্য বরাদ্দ রয়েছে এক লাখ টাকা, ৫০ মেট্রিক টন চাল ও ২০০ টিন বিস্কুট। পাশাপাশি নাটোরের জন্য নগদ অর্থ সাহায্য হিসেবে তিন লাখ টাকা, ১০০ মেট্রিক টন চাল ও ৫০০ টিন বিস্কুট এবং নওগাঁর জন্য ৫০ হাজার টাকা ও ২০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার উত্তরাঞ্চলের চারটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মওসুমি ঝড়ে মারা যায় ২৪ জন আর ৭২ হাজার তিন শত ৫৭টি পরিবারের তিন লাখ ৩৬ হাজার আটশত ৩৫ জন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

নওগাঁ, নাটোর, রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জ জেলার ১৮টি উপজেলার ১৩৭টি ইউনিয়ন এ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায়।

চার জেলা থেকে পাওয়া তথ্য মোতাবেক মন্ত্রণালয় জানিয়েছে, ঝড়ে নয় হাজার একশত ৭৪টি ঘর স¤পূর্ণ ধসে পড়ে। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয় আরও ৩১ হাজার সাতশত ৮০টি ঘর।

এর মধ্যে নাটোর জেলার ছয়টি উপজেলায় ৪৪টি ইউনিয়নে ২৬ হাজার আটশত নয়টি পরিবারের এক লাখ ২১ হাজার ছয়শত ৪৫জন মানুষ ঝড়ের কারণে বিপন্ন হয়। ঝড়ের কবলে পড়ে এ জেলায় মৃতের সংখ্যা ১৫।

রাজশাহীতে মারা যায় আটজন। ক্ষতিগ্রস্ত পরিবার ও মানুষের সংখ্যা যথাক্রমে ২৮ হাজার একশত ১৮ ও এক লাখ ৩৫ হাজার পাঁচশত ৬৫ জন।

নওগাঁ জেলায় দু’টি শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি আরও ১৪৯টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

এ জেলায় মৃতের সংখ্যা এক এবং আহত হয় আরও ১৭ জন। ক্ষতিগ্রস্ত ১৬ হাজার নয়শত ৮০টি পরিবারের ৭৭ হাজার তিনশত ৭৫ জন মানুষ সর্বনাশা কালবৈশাখী ঝড়ে তাদের সর্বস্ব হারিয়েছে।

সেই সাথে জেলার তিন হাজার সাতশত ৬৫টি বাড়ি সম্পূর্ণ ধসে পড়ে এবং অপর ১২ হাজার ৬৫টি ক্ষতিগ্রস্ত হয়।

অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত চাঁপাই নবাবগঞ্জ জেলার একটি উপজেলার সাতটি ইউনিয়ন ঝড়ের তাণ্ডবলীলার শিকার হয়। এতে ৪৫০টি পরিবারের দুই হাজার দুইশত ৫০ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়।