নরসিংদীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫, আহত ৩৫
নরসিংদীতে যাত্রিবাহী বাস ও চাউল ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’চালকসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩৫ জন।
নরসিংদী সদর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের শীলামান্দী এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভৈরব থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাস (মেট্রো-জ-১১-০৩৮৫) ও বিপরীত দিক থেকে আসা নরসিংদীগামী চাউল ভর্তি ট্রাকের (টাঙ্গাইল-ট-১১-০০২৮) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাসচালক আবুল কাশেম (৪৫), অজ্ঞাত (২৮) ও ট্রাকচালক অজ্ঞাত (৩৫) মারা যায়।
আহতদের মধ্যে নরসিংদী সদর হাসপাতালে ১৭ জন এবং মাধবদী প্রাইম জেনারেল হাসপাতালে ১৫ জনকে ভর্তি করা হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে অজ্ঞাত (৩৫) ও মাধবদী প্রাইম জেনারেল হাসপাতালে অজ্ঞাত (২৮) মারা যায়।
নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন সাজ্জাদ হোসেন (৪০), বাহারুল ইসলাম (২৫), কাজল (২৮), আয়েশা আক্তার (৪৫), আক্তার হোসেন (৩০) মাহফুজা (৩২) এবং রবিউল্লাহর (১৭) অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
