পঞ্চগড় সীমান্তে বিডিআর ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক
সীমান্তে উত্তেজনা নিরসনে বিডিআর ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে তেতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্তের মন্ডল পাড়ায় ৪২৯ নং মেইন পিলার সংলগ্ন এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএসএফ চা বাগান ও পরিখা খনন কাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে। ফলে চা-বাগান ও পরিখা খননকে কেন্দ্র করে ভজনপুর সীমান্তে বিডিআর ও বিএসএফের মধ্যে কয়েকদিন ধরে যে উত্তেজনা বিরাজ করছিল তা নিরসন হয়েছে। বিডিআর-এর পক্ষে ২২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী হালিমুর রশীদ এবং বিএসএফের পক্ষে ১৩৮ ব্যাটালিয়ন কমান্ডার মি. গেলট বৈঠকে নেতৃত্ব দেন। এ সময় বিডিআর ও বিএসএফের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার (১৬ মে) জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের মন্ডলপাড়া সীমান্তের মেইন পিলার ৪২৯ এর ৩ ও ৪ সাব পিলারের মাঝামাঝি এলাকায় ভারতীয় মনোহরপাড়া বিএসএফ ফাঁড়ির সশস্ত্র সদস্যদের প্রহরায় কয়েক শতাধিক ভারতীয় শ্রমিক চায়ের চারা রোপন ও পরিখা খনন শুরু করলে বিডিআর ও স্থানীয় লোকজনদের বাধার মুখে ভারতীয়রা কাজ বন্ধ রাখে।
