২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতা বাচ্চু হত্যা মামলায় গ্রেফতারকৃত দুজনের সাতদিনের রিমান্ড মঞ্জুর

আওয়ামী লীগ নেতা অ্যাড. খোরশেদ আলম বাচ্চু হত্যা মামলায় বুধবার ঢাকা মুখ্য মহানগর আদালত গ্রেফতারকৃত দুজনের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2005, 07:19 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

মো. সোহেল (১৮) ও ইসমাইল হোসেন ওরফে সুজন (১৯) নামে এ দুজনের জামিনের আবেদন বাতিল করে দিয়েছেন আদালত। শুনানি চলাকালে কোনও আইনজীবী আসামিদের পক্ষে দাঁড়াননি।

জানা যায়, এ হত্যা মামলায় আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাতদিনের রিমান্ডের আবেদন জানালে মুখ্য মহানগর হাকিম শফিক আনোয়ার বুধবার বিকেলে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালতে উপস্থিত সকল আইনজীবী রাষ্ট্রপক্ষে দাঁড়িয়ে আসামিদের বিপক্ষে রিমাণ্ড আবেদনের শুনানি করেন। শুনানি চলাকালে কোনও আইনজীবী আসামিদের পক্ষে দাঁড়াননি।

মামলার বিবরণে জানা যায়, অ্যাড. খোরশেদ আলম বাচ্চু হত্যা মামলার আসামি মো. সোহেলের বাড়ি নরসিংদীর শিবপুর থানার দক্ষিণ কড়াইরচর গ্রামে। তার পিতার নাম আকবর আলী। সে ২৫০, তেজকুনি পাড়ায় থাকে। অপর অভিযুক্ত ইসমাইল হোসেন ওরফে সুজনের বাড়ি কুমিল্লার হোমনা থানার খোদাদাউদপুর গ্রামে। তার পিতার নাম জয়নাল আবেদীন। সুজন ২৪৯, তেজকুনি পাড়ায় থাকে। তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানা পুলিশের এসআই গিয়াসউদ্দিনের দেওয়া রিপোর্টে জানা যায়, আসামিরা এলকার চিহ্নিত ও তালিকাভুক্ত সন্ত্রাসী। তারা মঙ্গলবার তেজকুনি পাড়ায় অ্যাড. খোরশেদ আলম বাচ্চুকে তার বাসার অদূরে একটি ফোন-ফ্যাক্সের দোকানের সামনে গতিরোধ করে গুলি করে হত্যা করে।