লালমনিরহাটে গাঁজা আটকের জের, পুলিশ ক্যাম্পে হামলা
লালমনিরহাটে বুধবার দুজন বাস শ্রমিককে পুলিশ গাঁজাসহ গ্রেফতার করলে উত্তেজিত পরিবহন শ্রমিকরা পার্শ্ববর্তী পুলিশ ক্যাম্পে হামলা চালায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তিস্তা পুলিশ ক্যাম্পের সদস্যরা পাটগ্রাম থেকে রংপুরগামী কে. বি. পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তিস্তা রেল-সড়ক সেতুর গেট এলাকায় তল্লাশি চালিয়ে চালের বস্তা থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে। এসময় গাঁজা বহনকারীকে খুঁজে না পেয়ে পুলিশ বাসের সুপারভাইজার ও হেলপারকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে অন্যান্য গাড়ির শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে পুলিশ ক্যাম্প ঘেরাও করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং আটককৃত সুপারভাইজার ও হেলপারকে ছেড়ে দেওয়ার দাবি জানায়।
অবশেষে শ্রমিকদের চাপের মুখে পুলিশ আটকৃতদের ছেড়ে দিতে বাধ্য হয়।
