আরিচায় ডুবে যাওয়া লঞ্চটির উদ্ধার কাজ চলছে, ৪টি লাশ উদ্ধার, বহু নিখোঁজ
আরিচায় ডুবে যাওয়া লঞ্চটির উদ্ধার কাজ বুধবারও অব্যাহত রয়েছে। বুধবার উদ্ধারকরা হয় একটি শিশুসহ তিনটি লাশ। এখন পর্যন্ত মোট চারটি লাশ উদ্ধার করা হলো। মঙ্গলবার দুপুরে কালবৈশাখীর কবলে পড়ে যমুনা নদীতে লঞ্চটি ডুবে যায়।
ওই নৌ দুর্ঘটনার পর একটি বালকের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকর্মীরা বুধবার সকালে ডুবে যাওয়া লঞ্চ থেকে আরো একটি লাশের সন্ধান পেয়েছে। ডুবুরীরা ডুবন্ত লঞ্চের ভেতরে আরো অনেক লাশের সন্ধান পেলেও প্রচণ্ড স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
ডুবন্ত লঞ্চ থেকে সাঁতরিয়ে যে ২০/২৫ প্রাণে রক্ষা পান, তাদের মধ্যে মুন্নু ফেব্রিক্স’র শ্রমিক মো. হানিফ বিডিনিউজকে জানান, ওই লঞ্চটিতে দুই শতাধিক যাত্রী ছিলো। লঞ্চটি ডুবতে শুরু করলে অনেকই জীবন রক্ষায় নদীতে ঝাঁপ দেন। কিন্তু এদের আবার কেউ কেউ প্রবল স্রোতে ভেসে গেছেন। তাদের ভাগ্যে কি ঘটছে, তা কেউ জানে না।
উদ্ধারকাজ চলার সময় জনৈক আনিসুর রহমান আহাজারী করে বিডিনিউজকে জানান, এক ছেলে, ভাতিজা, ভাগ্নে, ভাগ্নে জামাইসহ তার পরিবারের মোট চারজন পুরুষ ওই লঞ্চডুবিতে নিখোঁজ। এরা সবাই রাজশাহীতে কৃষিকাজে দিনমজুরী করে মানিকগঞ্জ ফিরছিলেন।
এদিকে বিডিনিউজের পাবনা থেকে প্রতিনিধি জানান, ওই লঞ্চ ডুবির ঘটনায় পাবনার সুজানগর ও বেড়ার কয়েকটি গ্রামে এখন চলছে শোকের মাতম। ছোট ছোট ডিঙ্গী ও শ্যালো ইঞ্জিন চালিত নৌকা নিয়ে মানুষ এদিক সেদিক খুঁজে বেড়াচ্ছে নিখোঁজ স্বজনদের।
বিআইডাব্লিউটিএ সূত্র জানায়, ঝড় বৃষ্টির সময় ওই লঞ্চটির দরজা জানালা বন্ধ ছিলো। এ অবস্থাতেই লঞ্চটি ডুবে যায়। ডুবন্ত লঞ্চটি উদ্ধার করা হলে এর ভেতরে আরো লাশ থাকতে পারে।
পাবনা ২ আসনের সাংসদ অ্যাডভোকেট একেএএম সেলিম রেজা হাবিব বিডিনিউজকে জানান, নৌ বাহিনী ও বিআইডাব্লিউটিএ’র উদ্ধার কর্মীরা বুধবার তিনটি লাশ খুঁজে পেয়েছে।
ভিন্ন একটি সূত্র জানায়, এরমধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত ভিরেন্দ্র কুমার রায়ের (৪০) গ্রামের বাড়ি মানিকগঞ্জের গুরু সেঁওতায়। তার পেশা ছিলো চাল ব্যবসা।
স্থানীয় জনসাধারন ও পুলিশ জানায়, পাবনার নটাখোলা থেকে আরিচাগামী ‘এমভি রায়পুরা’ নামের ওই লঞ্চটির ১২০জন ধারণমতা হলেও এতে প্রায় ২০০ যাত্রী ছিলো।
উদ্ধারকারী জাহাজ ‘রুস্তম’ বুধবার সন্ধ্যা নাগাদ ঘটনাস্থলে পৌঁছাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
রোববার পটুয়াখালিতে লঞ্চ ডুবির পর নৌ দুর্ঘটনার এটি দ্বিতীয়তম ঘটনা। পটুয়াখালির নৌ দুর্ঘটনায় অন্তত: ৬০ জনের প্রাণহানী ঘটে।
