নির্বাচন কমিশনকে আরও ক্ষমতা প্রদান ও নির্বাচন তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন ড.কামাল
সংবিধান বিশেষজ্ঞ ও প্রখ্যাত আইন বিশারদ ড.কামাল হোসেন নির্বাচন কমিশনকে আরও ক্ষমতা প্রদানের পাশাপাশি ইলেকট্রনিক ভোটিং পদ্ধতির আইনগত বৈধতা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ানোর জন্য সংস্কার প্রস্তাবের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন তিনি।
মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার এমএ সাঈদের সাথে নির্বাচন কমিশন সচিবালয়ে তাঁর অফিস কক্ষে সাক্ষাৎকালে ড.কামাল নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব নিয়েও আলোচনা করেন বলে কমিশন সূত্রে জানা যায়।
তিনি পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের এখতিয়ার নির্বাচন কমিশনকে প্রদানের সরকারের প্রতি দাবি জানান। এবং স্থানীয় সরকার নির্বাচনে বিভিন্ন অভিযোগের নিষ্পত্তি করতে ‘নির্বাচন তদন্ত কমিটি’ গঠনের কথাও বলেন।
সূত্র জানায়, প্রায় দেড় ঘন্টার ওই বৈঠকে ড.কামাল নির্বাচন কমিশন সচিবালয় ও কমিশনের অধীনে বিভিন্ন নিয়োগের ক্ষমতা কমিশনের হাতে ন্যস্ত করার ওপরও জোর দেন।
বর্তমান নির্বাচনী আইনে শুধুমাত্র সংসদ নির্বাচনে সরকার সেনা মোতায়েন করতে পারে। স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েনের কোনো বিধান নেই।
এদিকে বিভিন্ন নির্বাচনী অভিযোগ তদন্তের জন্য বিধিবদ্ধ কমিটি না থাকায় বিশেষতঃ স্থানীয় নির্বাচনে বিবিধ অনিয়ম প্রসঙ্গে নির্বাচন কমিশনের পক্ষে কোনরূপ কঠোর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয় না বলে কমিশন সূত্র জানায়।
ড.কামাল নির্বাচনকে কালো টাকা ও পেশী শক্তির প্রভাবমুক্ত করার ব্যবস্থা গ্রহণ এবং নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবে এর অন্তর্ভুক্তির দাবি জানান।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে ড. কামাল জানান, পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার পদে কাউকে নিয়োগের আগে সকল রাজনৈতিক দলের সাথে গোলটেবিল বৈঠকে বসার জন্য ইতোমধ্যে আমরা সরকারের কাছে প্রস্তাব রেখেছি।
