২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোয় নিহত সৈনিকের লাশ দেশে এসেছে

কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্তব্যরত অবস্থায় নিহত বাংলাদেশী সদস্য নুর মোহাম্মদের লাশ মঙ্গলবার দেশে পৌঁছেছে। ঢাকা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিপূর্ণ সামরিক মর্যাদায় নিহত এ বীরকে গ্রহণ করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 03:51 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

জাতিসংঘের একটি বিশেষ বিমান নুর মোহাম্মদের (প্রাইভেট) লাশ বহন করে এনেছে।

কঙ্গোর আইনবিবর্জিত প্রদেশ ইতুরিতে বৃহস্পতিবার বিকেলে বিদ্রোহীরা অতর্কিত আক্রমন চালালে নীল হেলমেট পরা বাংলাদেশী শান্তিরক্ষী বাহিনীর সদস্য নুর মোহাম্মদ নিহত হন। এতে অপর তিন বাংলাদেশী শান্তিরক্ষী সদস্য গুরুতর আহত হন। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর বাংলাদেশী ৪০ জন সদস্য ওই সময় টহল দিচ্ছিল।

নুর মোহাম্মদের নামাজে জানাযা ঢাকা ক্যান্টনমেন্টের ১৩-এমপি হ্যাংগারে চোপারস ডেন এ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা জানাযায় অংশগ্রহণ করেন এবং পশ্চিম আফ্রিকার দেশটিতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিবেদিত এ সৈনিকের আত্মার মাগফেরাত কামনা করেন।

জাতির পক্ষ থেকে সেনাবাহিনী কর্মকর্তারা নুর মোহাম্মদের কফিনে পুস্পার্ঘ্য অর্পণ করেন।

ঢাকা ক্যান্টনমেন্টের চোপারস ডেনে শহীদ সৈনিক নুর মোহাম্মদের লাশ নামানো হলে আত্মীয়স্বজনদের আহাজারীতে শোকাবহ দৃশ্যের অবতারণা হয়।

জানাযার পর পূর্ণাঙ্গ সামরিক মর্যাদায় তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে সেনাবাহিনীর একটি দল শান্তিরক্ষী বাহিনীর এ সদস্যকে গার্ড অব অনার প্রদান করে।